মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 13 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
12 October 2026
অন্যান্য

ভারতে উচ্চস্বরে আজান দেয়ায় মসজিদের মুয়াজ্জিন গ্রেপ্তার

ভারতের উত্তর প্রদেশের বিজনোরে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি শব্দে আজান দেওয়ার অভিযোগে একটি মসজিদের মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক পুলিশ কনস্টেবলকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি, মসজিদসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে মাইকের শব্দমাত্রা নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা জারি করেছে পুলিশ।

টাইমস অব ইন্ডিয়া–এর প্রতিবেদনের বরাতে জানা যায়, গত শনিবার (১০ অক্টোবর) নাজিবাবাদে জনসাধারণের অভিযোগ শুনতে যাওয়ার পথে বিজনোরের জেলা ম্যাজিস্ট্রেট উমেশ প্রতাপ সিং ও পুলিশ সুপার কুন্তর কুমার কয়েকটি এলাকা পরিদর্শন করছিলেন। এ সময় একটি মসজিদে উচ্চ শব্দে আজান শুনতে পান তাঁরা।

পরে পুলিশ সুপারের নির্দেশে কোটওয়ালি থানার পুলিশ ওই মসজিদে গিয়ে মাইক জব্দ করে এবং মুয়াজ্জিন মোহাম্মদ ফাইজানকে আটক করে।

উপপরিদর্শক সৌরভ কুমারের অভিযোগের ভিত্তিতে শব্দদূষণবিধি লঙ্ঘনের অভিযোগে ফাইজানের বিরুদ্ধে মামলা করা হয়। শান্তিভঙ্গের অভিযোগেও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পরে উপবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ ঘটনায় এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে বিট কনস্টেবল ললিত কুমারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পুলিশের নির্দেশনায় বিজনোর জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নিজ নিজ এলাকার ধর্মীয় উপাসনালয়ে ব্যবহৃত মাইকের শব্দমাত্রা নির্ধারিত সীমার মধ্যে রাখার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। এ বিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এর আগে সেপ্টেম্বর মাসে জেলাজুড়ে অভিযানে মসজিদ, মন্দির ও গুরুদ্বার থেকে মোট ২ হাজার ৫০৯টি মাইক সরিয়ে নেওয়া হয়েছিল।