মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Thursday, 15 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
13 October 2026
অন্যান্য

বিরোধী দল না এলেও সংবিধান সংশোধন থেমে থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে। তবে বিরোধী দল অংশ না নিলেও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের উদ্যোগ থেমে থাকবে না বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে বিশেষ কমিটির সপ্তম বৈঠক শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারি ও বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করতে চায় সরকার। এ জন্য বিরোধী দলকে বারবার আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তারা অংশ নিলে আলোচনার সুযোগ দেওয়া হবে। চাইলে লিখিত মতামতও দিতে পারবে। তবে বিরোধী দল অংশ না নিলেও সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, ‘এটা জাতির প্রত্যাশা, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এটা আমাদের অঙ্গীকার।’ সংবিধান সংশোধন-সংক্রান্ত প্রতিবেদন তৈরির পর সংসদে সংশোধনী বিল উত্থাপন করা হলেও বিরোধী দল আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বৈঠকে সংবিধানের বিভিন্ন অংশে জুলাই জাতীয় সনদের বিষয়গুলো অন্তর্ভুক্ত করার পদ্ধতি, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা ও এখতিয়ার, রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং জনগণের সার্বভৌমত্ব আরও স্পষ্ট করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ বা উচ্চকক্ষ গঠন, সেখানে প্রতিনিধিত্বের ধরন এবং আনুপাতিক প্রতিনিধিত্বের পদ্ধতি নিয়েও মতামত উঠে আসে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী সংশোধনের বিধান এবং গণভোট-সংক্রান্ত বিধান পুনর্বিবেচনার বিষয়েও আলোচনা হয়েছে। সংবিধান সংশোধনের ক্ষেত্রে অতিরিক্ত কঠোরতা বা অতিরিক্ত নমনীয়তা এড়াতে বিভিন্ন বিকল্প প্রস্তাব নিয়ে মতবিনিময় করেছেন অংশগ্রহণকারীরা।

বৈঠকে অংশ নেওয়া শিক্ষাবিদদের অনেকে লিখিত বক্তব্য দিয়েছেন। অন্যরাও আগামী দুই সপ্তাহের মধ্যে লিখিত মতামত দেবেন বলে জানিয়েছেন। এসব মতামত পর্যালোচনা করে সংশোধন-সংক্রান্ত প্রস্তাব চূড়ান্ত করার বিষয়ে কমিটিতে আলোচনা হবে।

সালাহউদ্দিন আহমদ আরও জানান, আগামী ২৪ অক্টোবর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রতিনিধি, বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে দিনব্যাপী আলোচনার প্রাথমিক পরিকল্পনা রয়েছে। তাঁদের মতামত শুনে এবং পর্যালোচনা করে সংবিধান সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করার কাজ এগিয়ে নেওয়া হবে।

জুলাই জাতীয় সনদের বিষয়গুলোর পাশাপাশি রাষ্ট্রের প্রয়োজন, নির্বাচনী ইশতেহার ও জনগণের প্রত্যাশার ভিত্তিতে আরও কিছু বিষয় সংশোধনী প্রস্তাবে যুক্ত হতে পারে বলেও জানান তিনি।