মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Friday, 16 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
15 October 2026
অন্যান্য

বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

মুম্বাইয়ে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নেয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের নাগরিক এই অভিনেতাকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়তে বলেছে মুম্বাইয়ের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)। তিনি বলিউড তারকা আমির খানের ভাতিজা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা কিরিত সোমাইয়া অভিযোগ করেছিলেন, ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী ইমরান খান রাজনৈতিক বিক্ষোভে অংশ নিয়েছেন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি এফআরআরওর কাছে পাঠানো হয়। পরে সংস্থাটি অভিনেতাকে ভারত ছাড়ার নোটিশ দেয়। এক পুলিশ কর্মকর্তা জানান, ওসিআই কার্ডধারী ইমরান খানের কাছে নোটিশ পৌঁছে দেয়া হয়েছে। মুম্বাইয়ের খার এলাকায় থাকেন এই অভিনেতা।  

গত ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নেন ইমরান। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এই আন্দোলন হয়। এ সময় অভিনেতা, তার প্রেমিকা লেখা ওয়াশিংটন, মা নুসরাত এবং আত্মীয় জাইন মেরিসহ প্রায় ৪০০ জনকে আটক করে পুলিশ।

পরে জাইন অভিযোগ করেন, আটকের সময় পুলিশ তাকে মারধর ও হেনস্তা করেছে। এ ঘটনায় তাঁর শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে বলেও ভিডিওতে দাবি করেন তিনি। বিজেপি নেতা সোমাইয়া ইমরানকে ভারত থেকে বহিষ্কারের দাবি জানান। পাশাপাশি তার নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান জানিয়ে প্রশ্ন তোলেন, একজন বিদেশি নাগরিক রাজনৈতিক আন্দোলনে অংশ নিতে পারেন কি না।

তবে বিক্ষোভে অংশ নেয়ার ব্যাখ্যায় ইমরান বলেছিলেন, তিনি কোনো সংগঠনের হয়ে বা নির্দিষ্ট দাবি নিয়ে সেখানে যাননি। মুম্বাইয়ের বাসিন্দা হিসেবে ব্যক্তিগত অবস্থান থেকেই অংশ নিয়েছেন। অভিনেতার ভাষায়, আমার কোনো দাবি নেই। আমি এই শহরে থাকি, একজন নাগরিক হিসেবে এখানে এসেছি। কেন মানুষের চলাচলের স্বাধীনতা সীমিত করা হচ্ছে, কেন মানুষের কণ্ঠরোধ করা হচ্ছে, তা দেখতে এসেছি।