মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Saturday, 17 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
17 October 2026
অন্যান্য

মাহফিলে যাওয়ার পথে কুপিয়ে জখম, আহত তরুণ আইসিইউতে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে মো. শরিফুল ইসলাম (১৮) নামের এক তরুণকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে তিনি রাজধানীর ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে আহত শরিফুলের বাবা পাঁচজনের নামোল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে পাকুন্দিয়া থানায় মামলা করেছেন।

আহত শরিফুল ইসলাম উপজেলার দক্ষিণ চরটেকি এলাকার শহীদ মিয়ার (৬৫) ছেলে।

অভিযুক্তরা হলেন উপজেলার কুড়তলা এলাকার মো. আবদুল্লাহ (২০) ও রাব্বি (২১), হিজলিয়া বাঘের বাড়ি এলাকার খলিল (২০), হিজলিয়া এলাকার রাকিব (১৯) এবং বরাটিয়া এলাকার অনিক (১৯)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে ওয়াজ মাহফিলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন শরিফুল। পথে উপজেলার কাতার বাজার এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা দা ও ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপায় এবং মারধর করে। এতে তাঁর পিঠ ও কোমরে গুরুতর জখম হয়।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাজধানীর ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করা হলে বর্তমানে সেখানে আইসিইউতে তাঁর চিকিৎসা চলছে।

আহত শরিফুলের বাবা শহীদ মিয়া বলেন, ‘আমার ছেলের অবস্থা খুবই আশঙ্কাজনক। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চাই।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, এ ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।