মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Saturday, 17 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
17 October 2026
অন্যান্য

রিসোর্টে আগুন: ‘আমার সাইফকে আইন্না দাও’ বলে নারীর আহাজারি

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক নারীর আহাজারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ওই নারীকে কান্নাজড়িত কণ্ঠে বারবার বলতে শোনা যায়, ‘আমার সাইফকে আইন্না দাও।’

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, ওই নারী পূজার ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন। তিনি এক সাংবাদিকের বোন বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁকে ‘সাইফ’ নামে একজনকে বারবার ডাকতে এবং তাঁকে ফিরিয়ে দেওয়ার আকুতি জানাতে দেখা যায়। তবে সাইফ ওই নারীর কী সম্পর্কের, তিনি জীবিত আছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে সাতটি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় রিসোর্টটিতে মোট ১৭ জন পর্যটক ছিলেন। প্রাথমিকভাবে নিহত ব্যক্তিরা পর্যটক বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, অগ্নিকাণ্ডে একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করতে আরও সময় প্রয়োজন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে সকাল ৮টার দিকে তিনটি ইউনিট কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর রিসোর্টটিতে উদ্ধার অভিযান শুরু হয়।

অগ্নিকাণ্ডে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধারকাজ চলাকালে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, আগুন লাগার পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত, ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এবং রিসোর্টটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।