17 October 2026
২০ ডিসেম্বর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন

চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে এ সময়সূচি জানানো হয়েছে।
প্রকাশিত সূচি অনুযায়ী, ২০ ডিসেম্বর বাংলা বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের বৃত্তি পরীক্ষা। পরদিন ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ইংরেজি বিষয়ের পরীক্ষা। এরপর ২২ ডিসেম্বর প্রাথমিক গণিত এবং ২৩ ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য পরীক্ষায় অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সভার সিদ্ধান্তের ৩ নম্বর ক্রমিকের ‘খ’ ও ‘ঘ’ অনুযায়ী প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬-এর সূচি চূড়ান্ত করা হয়।
চার দিনব্যাপী এ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন করা হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
