মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Monday, 19 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
19 October 2026
অন্যান্য

দুর্নীতি ও মাদকের সঙ্গে বিএনপি সরাসরি জড়িত: এমপি আবু তালিব

সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, আত্মীয়করণ ও দলীয়করণ, দুর্নীতি, দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগ এবং তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও সার সংকটের প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা।

সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কালীগঞ্জের মেইন বাসস্ট্যান্ডে আয়োজিত এ মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেন।

মানববন্ধনে আবু তালিব বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের সঙ্গে বিএনপি সরাসরি জড়িত। আমরা আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি। গরু-ছাগল ও মহিষের ঘাস খাওয়ানোর ক্ষেত্রেও বিএনপি চাঁদা দাবি করে।

তিনি বলেন, বর্তমান সরকারের কাছে তাঁদের প্রত্যাশা ছিল, ক্ষমতায় আসার পর দেশে সন্ত্রাস, চাঁদাবাজি, ঘুষ ও নৈরাজ্য বন্ধ হবে। কৃষকেরা সময়মতো প্রয়োজনীয় সার পাবেন, তেল-গ্যাসের সংকট থাকবে না এবং সরকারি অফিসগুলো দলীয় কার্যালয়ে পরিণত হবে না। কিন্তু তাঁদের সেই প্রত্যাশা পূরণ হয়নি বলে তিনি অভিযোগ করেন।

জামায়াতের এ সংসদ সদস্য আরও বলেন, তেল, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি এবং কৃষকদের সার সংকট সাধারণ মানুষের জীবনযাত্রা ও কৃষি উৎপাদনে প্রভাব ফেলে। সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগও জনস্বার্থের সঙ্গে জড়িত। এসব বিষয়ে সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, সরকার থেকে প্রত্যাশিত সহযোগিতা না পেয়ে তাঁরা জনগণের সহযোগিতা নিয়ে অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করতে চান। জনগণের অধিকার ও স্বার্থ যেখানে ক্ষুণ্ন হবে, সেখানেই জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ গড়ে তুলবে। জনস্বার্থ রক্ষায় দলটি রাজপথে সোচ্চার থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে দলটির নেতাকর্মীরা বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও জনদুর্ভোগের প্রতিবাদ জানান। প্রায় এক ঘণ্টাব্যাপী কর্মসূচিতে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান, কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মোঃ আব্দুল হক, সেক্রেটারি ও পৌর মেয়র প্রার্থী লুৎফর রহমান, জামায়াতের মিডিয়া সম্পাদক ইকবাল হুসাইনসহ উপজেলা জামায়াতের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।