মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Monday, 19 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
19 October 2026
অন্যান্য

বর্জ্য পানিতে জলাবদ্ধতার অভিযোগে আশুলিয়ায় দেলোয়ার মীরের বিরুদ্ধে মানববন্ধন

ঢাকার সাভারের আশুলিয়ায় আকবর মন্ডল স্কুল অ্যান্ড কলেজের সম্পত্তি দখলসহ বিভিন্ন অভিযোগে দেলোয়ার মীরের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় তাঁর বিরুদ্ধে মাদকাসক্তি, সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি ও হামলার অভিযোগ তুলে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।

সোমবার (১৯ অক্টোবর) সকালে আশুলিয়ার দক্ষিণ গাজিরচটের দরগারপাড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিভিন্ন কারখানা ও বাসাবাড়ির বর্জ্যপানি টাকার বিনিময়ে দরগারপাড়ের একটি পুকুরে ফেলা হয়। একপর্যায়ে বর্জ্যপানিতে পুকুরটি ভরে গেলে সরকারি সড়কের নিচ দিয়ে সুড়ঙ্গ তৈরি করে সেই পানি অন্যদিকে প্রবাহিত করা হয়। এতে আশপাশের বাসাবাড়িতে পানি ঢুকে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পাশাপাশি বাড়ছে পানিবাহিত রোগের ঝুঁকি।

তাঁদের দাবি, জলাবদ্ধতার কারণে এলাকার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে অনেক ভাড়াটিয়া বাসা ছেড়ে চলে যাচ্ছেন। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানালে দেলোয়ার মীর ও তাঁর লোকজন বিভিন্নভাবে হুমকি দেন বলেও অভিযোগ করেন তাঁরা।

স্থানীয়দের অভিযোগ, রোববার বিকেলে পুকুরের পানি ছাড়তে এলে তাঁরা প্রতিবাদ জানান। এ সময় তাঁদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

মানববন্ধন থেকে এলাকাবাসী পরিবেশদূষণ বন্ধ, জলাবদ্ধতা নিরসন ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে পুকুরে বর্জ্যপানি ফেলা এবং সেই পানি লোকালয়ে প্রবেশ বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

এ বিষয়ে মুঠোফোনে দেলোয়ার মীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর স্ত্রী জানান, তিনি আইসিইউতে ভর্তি রয়েছেন। ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

মানববন্ধনে স্থানীয় আবুল হোসাইন মুন্সী, মাসুদুর রহমান দেওয়ান, কবির সরকার ও সুমন গাজীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।