মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Wednesday, 21 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
21 October 2026
অন্যান্য

ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে মিছিল করার অভিযোগে দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার চরহোসেনপুর এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ওই মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলের খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আল মাসুম (৩০) এবং ঈশ্বরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সজিব মিয়া (২০)। পুলিশ জানায়, আল মাসুম ঈশ্বরগঞ্জ পৌর শহরের মৃত তাহের উদ্দিনের ছেলে এবং সজিব মিয়া উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের রুস্তম আলীর ছেলে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে মিছিল বের করা হয়।

মিছিলের খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ অভিযান শুরু করে। পরে উপজেলার সদর ইউনিয়নের চরশিহারী এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় মিছিলের শেষ পর্যায়ে থাকা ওই দুজনকে গ্রেফতার করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে মিছিল করার ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।