মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Wednesday, 21 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
20 October 2026
অন্যান্য

ডিজেল পাচারের অভিযোগে চট্টগ্রাম বন্দরের ২ কর্মচারী সাময়িক বরখাস্ত

ডিজেল পাচারের অভিযোগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) যান্ত্রিক বিভাগের দুই কর্মচারীকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃতরা হলেন— বিভাগের ভান্ডার রক্ষক মাহমুদুর রহমান মান্না এবং সিনিয়র স্টোরম্যান সঞ্জয় কুমার দে। একই সাথে ঘটনার প্রকৃত কারণ, দায়-দায়িত্ব ও আর্থিক ক্ষয়ক্ষতি জাচাইয়ের জন্য ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানিয়েছে, গত (১৫ অক্টোবর) যমুনা অয়েল থেকে চট্টগ্রাম বন্দরের জোনাল ওয়ার্কশপ-ডি এর জন্য ১৮ হাজার লিটার ডিজেল আনা হয়। তবে ১৩৭৪৪ লিটার ওয়ার্কশপের ফুয়েল ট্যাংকে রেখে বাকি ৪,২৫৬ লিটার ডিজেল পাচারের উদ্দেশে জেটির সংরক্ষিত এলাকা ত্যাগের চেষ্টা করলে বন্দরে নিয়োজিত নৌবাহিনীর গোয়েন্দা সংস্থা বন্দরের অভ্যন্তরের ১ নং গেইট সংলগ্ন কেমিক্যাল শেডের বিপরীত পাশে জব্দ করে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাহমুদুর রহমান মান্না ও সঞ্জয় কুমার দে-কে সাময়িক বরখাস্ত করে অফিস আদেশ জারি করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মির্জা রাকিবুল ইসলাম।

ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে, এতে যান্ত্রিক বিভাগের (জোন-সি) নির্বাহী প্রকৌশলীকে আহবায়ক ও কমিটির সদস্যরা হলেন—সিনিয়র পারসোনেল অফিসার (আইআর), সিনিয়র অডিট অফিসার এবং নিরাপত্তা অফিসার (প্রশাসন)।

গঠিত তদন্ত কমিটিকে আগামী ৭ (সাত) কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।