20 October 2026
অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির ক্লোজড

রাজধানীর ভাটারা এলাকায় ভাড়া দেওয়া বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও ৮৪ জনকে আটকের ঘটনার পর অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরকে ক্লোজড করা হয়েছে। তাঁকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়। আদেশটি অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, পুলিশ সদর দপ্তরের রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখায় কর্মরত অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি) আবদুল্লাহ আল জহিরকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হলো।
এর আগে, রাজধানীর ভাটারা এলাকায় আবদুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাড়িতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) অভিযান চালায়। সোমবার (১৯ অক্টোবর) রাতে শুরু হওয়া এ অভিযান মঙ্গলবার দুপুর পর্যন্ত চলে। অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ ৮৪ জনকে আটক করা হয়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতেই আবদুল্লাহ আল জহিরকে ক্লোজড করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
