মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Wednesday, 21 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
21 October 2026
অন্যান্য

অনলাইন প্রতারণা, নড়াইলে গ্রেপ্তার ২

ফেসবুকে পেজ খুলে বিভিন্ন আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে কম দামে পণ্য সরবরাহ ও চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে নড়াইলের কালিয়ায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১২টার দিকে কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের খড়রিয়া পোলের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হলেন-খড়রিয়া পূর্বপাড়ার সজল শেখ (২১) ও হেলাল উদ্দিন কাজী (৪২)।

পুলিশ জানায়, সজল শেখ ও হেলাল উদ্দিন কাজীসহ তাদের লোকজন ফেসবুক ও অনলাইন মাধ্যমে বিভিন্ন পণ্যের আকর্ষণীয় বিজ্ঞাপন, কম দামে পণ্য সরবরাহের প্রলোভন দিয়ে গ্রাহকদের ঠকিয়ে আসছিলেন। এভাবে বিজ্ঞাপন দিয়ে অপকৌশলে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা হাতিয়ে নিতো এই চক্রটি। একই সঙ্গে চাকরির প্রলোভন দেখিয়েও প্রতারণা করত চক্রটি।

মাই মোবাইল শপ, পদ্মার টাটকা ইলিশ, কলম প্যাকেজিং জব, শামীম ইলেকট্রনিক ফ্যান, ‘রাজ ইলেকট্রনিক ফ্যান ও ‘উইন্টার গ্যালারি বিডিসহ বিভিন্ন নামে ফেসবুক পেজ পরিচালনা করে আসছে এরা। এঘটনায় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আরও ১০ জনের সংশ্লিষ্ট রয়েছে। তারা পলাতক আছেন। হেলাল উদ্দিন কাজী বিকাশ এজেন্ট হিসেবে ক্যাশ আউট করার কাজে সহযোগিতা করতেন। এ ক্ষেত্রে প্রচলিত চার্জের চেয়েও বেশি টাকা নিতো সজল শেখের কাছ থেকে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, ‘সজল ও হেলাল উদ্দিনের নামে মামলা হয়েছে। তাদের কাছ থেকে জব্দকৃত দু’টি স্মার্ট মোবাইল ফোনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আরও ১০ জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।