মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Friday, 23 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
23 October 2026
অন্যান্য

ভাতিজা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, ‘আমার কোনো ভাতিজা নেই’—এমপি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে পৌরসভার ইজারার নামে টাকা আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লবের বিরুদ্ধে। এ সময় তিনি নিজেকে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মান্নানের ভাতিজা পরিচয় দিয়ে সাংবাদিকদের ভয় দেখান বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তবে সংসদ সদস্য জানিয়েছেন, তাঁর কোনো ভাতিজা নেই।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া সড়কের আলীয়াবাদ মোড়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সংবাদ সংগ্রহের জন্য কয়েকজন টেলিভিশন সাংবাদিক একটি মাইক্রোবাসে করে নবীনগর উপজেলার ধরাভাঙ্গা গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে আলীয়াবাদ মোড়ে তাঁদের গাড়ি থামিয়ে পৌরসভার ইজারার টাকা দাবি করেন এক যুবক। সাংবাদিকরা জরুরি সংবাদ সংগ্রহের কাজে যাওয়ার কথা জানিয়ে টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই যুবক গাড়িটি আটকে রাখেন এবং যুবদল নেতা আসাদুজ্জামান বিপ্লবকে ডেকে আনেন।

অভিযোগ রয়েছে, ঘটনাস্থলে এসে বিপ্লব সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন এবং ইজারার টাকার নামে চাঁদা আদায়ের চেষ্টা করেন। একপর্যায়ে তিনি সাংবাদিকদের মারতে উদ্যত হন বলেও অভিযোগ উঠেছে। এ সময় নিজেকে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের ভাতিজা পরিচয় দিয়ে সাংবাদিকদের ভয় দেখানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। ইজারা বাতিলের উদ্যোগ

ঘটনার বিষয়ে ইজারাদার জাবেদুল ইসলাম বলেন, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের জন্য বিপ্লবকে ভর্ৎসনা করা হয়েছে। ইউএনও ও সংসদ সদস্য তাঁকে জানিয়েছেন, ইজারা বাতিল করা হবে।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নবীনগর পৌরসভার প্রশাসক রাকিবুল ইসলাম বলেন, “সাংবাদিকের গাড়ি থেকে ইজারার টাকা নেওয়ার সুযোগ নেই। ইজারাদারের লোকজন যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি ইজারা বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে।”

‘আমার কোনো ভাতিজা নেই’: সংসদ সদস্য আব্দুল মান্নান এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সংসদ সদস্য আব্দুল মান্নান বলেন, “আমার কোনো ভাতিজা নেই। আমি পৌরসভা কর্তৃপক্ষকে ইজারা বাতিল করার জন্য বলেছি।”

সাংবাদিকদের গাড়ি আটকে ইজারার নামে টাকা দাবি এবং সংসদ সদস্যের আত্মীয় পরিচয় দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় আলোচনা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইজারা বাতিলের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে।

প্রকাশিত অভিযোগের বিষয়ে অভিযুক্ত আসাদুজ্জামান বিপ্লবের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রতিবেদনে যুক্ত করা হবে।