23 October 2026
সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান (পাঠানি পোল) এলাকায় মিনিবাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও দুইজন আহত হয়েছে৷ এই হতাহতের ঘটনায় উত্তেজিত স্থানীয় জনতা বাসে আগুন ধরিয়ে দিয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পরিস্থিতি এতোটাই বিক্ষুব্ধ হয়ে উঠে যে ঘটনাস্থলে জ্বালিয়ে দেয়া আগুন নেভাতে ফায়ার সার্ভিসের গাড়িও যেতে বেগ পেতে হয়েছে। এর ফলে সড়কে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
ঘটনাস্থলে থাকা হাইওয়ে পুলিশের ওসি নুরুল আবছার বলেন, মিনিবাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে একজন ঘটনাস্থলে নিহত ও দুইজন আহত হওয়ার খবর পেয়েছি। দুর্ঘটনার পর পর কে বা কারা বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে। আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়িও আটকে দিয়েছে।
স্থানীয় সূত্র জানিয়েছে পরিস্থিত নিয়ন্ত্রনে যাওয়া পুলিশের গাড়িও ভাংচুরের শিকার হয়েছে৷ বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রনে সেখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হচ্ছে৷
