মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Saturday, 24 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
24 October 2026
অন্যান্য

নাস্তা কম দেওয়ায় অন্তঃসত্ত্বাকে মারধর, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু : পুলিশ বলছে আত্মহত্যার চেষ্টা

চট্টগ্রামের পটিয়া উপজেলায় শ্বশুরবাড়িতে নাশতার পরিমাণ কম দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মারধরের শিকার হওয়া সিফাতুন নুর (২২) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূ মারা গেছেন। নয় দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল (শুক্রবার) দুপুরের দিকে তার মৃত্যু হয়। অন্যদিকে পটিয়া থানার পুলিশ বলছে, তাদের প্রাথমিক অনুসন্ধানে মারধরের কারণে নয় বরং ঐ গৃহবধূ আত্মহত্যার করতে গিয়েছিলেন বলে জানা গেছে। 

অন্যদিকে নিহত সিফাতুন তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাবা মো. নুর। নিহত গৃহবধু সিফাতুনের শাশুড়িসহ পরিবারের তিন নারীর বিরুদ্ধে তাঁকে মারধরের অভিযোগ উঠেছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, চন্দনাইশ পৌরসভার বাসিন্দা মো. নুরের তিন সন্তানের মধ্যে সিফাতুন সবার ছোট। প্রায় পাঁচ মাস আগে পারিবারিকভাবে পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের পূর্ব কুসুমপুরা গ্রামের ইলিয়াছ খাঁ বাড়ির মৃত আব্দুল সবুরের ছেলে দুবাইপ্রবাসী মো. তারেকের (২৬) সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী বিদেশে থাকায় তিনি শ্বশুরবাড়িতেই থাকতেন।

সিফাতুনের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজনের হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন সিফাতুন। গত ১৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মেয়ের শ্বশুরবাড়িতে নিজের হাতে তৈরি নাশতা নিয়ে যান তার মা জুহিনুর আক্তার (৫৫)। সে সময় নাশতার পরিমাণ আশানুরূপ না হওয়া নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার বাগবিতণ্ডা শুরু হয়।

অভিযোগে বলা হয়, একপর্যায়ে সিফাতুনের শাশুড়ি রিজিয়া বেগম (৬০) তার বেয়াইন জুহিনুর আক্তারকে মারধর করেন।

এসময় সিফাতুন বাঁধা দিলে এলে পরিবারের অপর দুই সদস্য রাশেদা বেগম (৫৫) ও সুমি আক্তার (৫২) সিফাতুনের চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মারধর করতে থাকেন। তাদের চিৎকারে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে এসে মা ও মেয়েকে উদ্ধার করেন।

ভুক্তভোগীর পরিবারের ভাষ্যমতে, ঘটনার পরপরই রাতেই শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে সংজ্ঞাহীন অবস্থায় সিফাতুনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে টানা নয় দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শুক্রবার দুপুরে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

এর আগে মারধরের ঘটনার পরপরই গত ১৪ অক্টোবর পটিয়া থানায় সিফাতুনের শাশুড়িসহ তিনজনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তার মা জুহিনুর আক্তার।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, গৃহবধূকে মারধরের বিষয়ে আগেই একটি লিখিত অভিযোগ জমা পড়েছিল। তবে সে সময় আমরা প্রাথমিক তদন্ত করে জানতে পারি মারধর নয় গৃহবধু আত্মহত্যার চেষ্টা করেছিলেন৷" যার স্বপক্ষে সিসিটিভি ফুটেজ পাওয়ার দাবী করছেন ওসি জিয়াউল হক৷ গৃহবধুর মৃত্যুর পর এখন কি ব্যবস্থা নেওয়া হবে প্রশ্ন করলে ওসি পটিয়া জানান, বিষয়টি আলাপ করে দেখতে হবে৷