24 October 2026
কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫

মাদক কারবারি, কিশোর গ্যাং ও ছিনতাই প্রতিরোধে কুমিল্লায় রাতভর বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার ১৮টি থানা এলাকায় পরিচালিত এ অভিযানে অন্তত ২৭৫ জনকে আটক করা হয়েছে, তাঁদের মধ্যে ১৪২ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, বাকি ১৩৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবক বা জিম্মাদারের হেফাজতে দেওয়া হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান এ তথ্য জানান।
পুলিশ জানায়, জেলা পুলিশের ১৮টি থানার সদস্যদের পাশাপাশি গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরাও এ অভিযানে অংশ নেন, কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় একযোগে অভিযান চালানো হয়, বিশেষ নজরদারিতে রাখা হয় কিশোরদের আড্ডা ও উৎপাতের অভিযোগ রয়েছে, এমন স্থানগুলো।
পুলিশের ভাষ্য, মাদক কারবারি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণের পাশাপাশি এসব অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করাই ছিল অভিযানের মূল লক্ষ্য।
আটকের পর তাঁদের অপরাধে সম্পৃক্ততার বিষয়ে যাচাই-বাছাই করে ১৪২ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে, অন্যদের মুচলেকা নিয়ে অভিভাবক বা জিম্মাদারের জিম্মায় দেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, উঠতি বয়সী কিশোর-তরুণরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও বলেন, অভিযানের সময় কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সতর্ক নজর রাখা হচ্ছে। মাদক কারবারি, ছিনতাই ও কিশোর অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
