মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Saturday, 24 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
24 October 2026
অন্যান্য

মাঝ আকাশে দুই বিমানের ভয়াবহ সংঘর্ষ, অতঃপর…

প্রশিক্ষণ চলাকালে মাঝ আকাশে সংঘর্ষের পর বিধ্বস্ত হয়েছে ফিলিপাইন বিমান বাহিনীর দুটি সামরিক বিমান। শুক্রবারের এ দুর্ঘটনায় চারজন পাইলট নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে দেশটির বিমান বাহিনী।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানী ম্যানিলার দক্ষিণে অবস্থিত ফার্নান্দো বিমানঘাঁটির কাছে প্রশিক্ষণের সময় এসএফ-২৬০ মডেলের দুটি একক প্রপেলারযুক্ত বিমান বিধ্বস্ত হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইন বিমান বাহিনীর মুখপাত্র কর্নেল আলভিন ক্যাপিনগুইয়ান এক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুটি বিমানই বিমানঘাঁটির সীমানার মধ্যে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় চারজন পাইলট প্রাণ হারিয়েছেন। তবে অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমান বাহিনীর সব এসএফ-২৬০ মডেলের বিমানের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে কী কারণে প্রশিক্ষণ চলাকালে দুটি বিমানের মধ্যে সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

তবে প্রাথমিকভাবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি দেশটির বিমান বাহিনী।

ফিলিপাইনের সামরিক বিমান দুর্ঘটনার ঘটনা নতুন নয়। চলতি বছরের মে মাসেও দেশটির উত্তরাঞ্চলীয় বেঙ্গুয়েত প্রদেশে প্রশিক্ষণের সময় এসএফ-২৬০ মডেলের একটি বিমান বিধ্বস্ত হয়েছিল। ওই দুর্ঘটনায় দুই সামরিক পাইলট নিহত হন।

সাম্প্রতিক বছরগুলোতে দেশটির সামরিক বিমানে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনার ঘটনা ঘটেছে। সর্বশেষ এ দুর্ঘটনায় চার পাইলটের মৃত্যু দেশটির সামরিক বিমান পরিচালনার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।