24 October 2026
কালুখালীতে রেলওয়ের জমিতে অবৈধ পাকাস্থাপনা

রাজবাড়ীর কালুখালীতে উপসহকারী সেটেলমেন্ট অফিসার (কানুনগো) চোখ ফাঁকি দিয়ে রেলওয়ের জায়গায় পাকা স্থাপনা তৈরি করছে একটি ভূমি গ্রাসী চক্র। দখলকৃত সম্পত্তির স্থানীয় বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। তবে এ কাজে মাত্র ৩০ হাজার টাকা খরচ হয়েছে বলে জানালেন দখলদারেরা।
সরেজমিনে রাজবাড়ীর কালুখালী উপজেলাধীন রতনদিয়া গ্রামের রেলওয়ের ২২২/৮ নং খুটির সামনের কৃষি জমিতে পাকা স্থাপনার কাজ করতে দেখা যায়। কাজ চলাকালে কর্মরত শ্রমিকরা জানান, রতনদিয়া গ্রামের মৃত কনিরদ্দিন বিশ্বাসের পুত্র ওহাব বিশ্বাস এ কাজ করছে।
শ্রমিকদের সাথে কথা চলাকালে সবকিছু চুপচাপই ছিলো। এরই মাঝে সাংবাদিকরা কাজের ছবি তুলতে গেলে বাঁধে বিপত্তি, মারমুখী হয়ে ছুটে আসেন ওহাব বিশ্বাসসহ কতিপয় দুর্বত্ত।
তারা সাংবাদিকদের উপর চরাও হয় ও ছবি তুলতে বাধা দেয়, পরে সে জানায়, ৩০ হাজার টাকার বিনিময় রাজবাড়ীর কানুনগো আমাকে এই জমির বানিজ্যিক লীজ প্রদান করেছে, তাই ঘর তুলছি। লীজের কাগজ দেখতে চাইলে আবারও চড়াও হয় ওহাব, সে জানায়,আপনারা কাগজ দেখার কে? বাড়াবাড়ি করলে ঝামেলা হবে কিন্তু।
ওহাব জানায়, কানুনগো অফিসের ৪ স্যার এসে আমার থেকে ৩০ হাজার টাকা নিয়েছে। তারা বলেছে,পূজার ছুটির মধ্যেই কাজ শেষ করতে হবে,নইলে ঝামেলা হবে। বৈধ লীজে ঝামেলা কেন জানতে চাইলে চড়াও হয় ওহাব বিশ্বাস।
এ ব্যাপারে রাজবাড়ীর কানুনগো অফিসের মুঠোফোনে কল দিলে কানুনগো আমিরুল ইসলাম জানান, ওহাব বিশ্বাস নামে কালুখালির রতনদিয়া গ্রামে কারো কোন জমি লীজ প্রদান করা হয়নি, কেউ অন্যায় ভাবে জোরপূর্বক রেলওয়ের জমি দখল করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
