মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Sunday, 25 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
25 October 2026
অন্যান্য

ডা. শাহাদাত হোসেনকে চসিক'র পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

আদালতের রায়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের দ্বায়িত্ব পালন করে আসছিলেন তিনি৷ তবে তার সেই মেয়াদ নিয়ে চলছিল নানান বিতর্ক৷ অবশেষে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে ডা. শাহাদাত হোসেনকে।

রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ সিটি করপোরেশন-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

রাষ্ট্রপতির আদেশ ক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব জুয়েল রানা। প্রজ্ঞাপনে বলা হয়েছে, করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত প্রশাসক থাকবেন তিনি।

তিনি স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ এর ৩ উপধারা অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক মাসিক সম্মানী ভাতা ও অন্যান্য ভাতা প্রাপ্য হবেন৷