মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Wednesday, 28 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
26 October 2026
অন্যান্য

কুমিল্লায় ৫ লাখ টাকার পণ্যের কার্টনে মিলল ইট ও বাঁশ

কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়ায় প্রায় পাঁচ লাখ টাকার পণ্যের কার্টনে ইট ও বাঁশ দেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় ডেলিভারিম্যান ও কোম্পানির এক ম্যানেজারকে আটক করেছেন স্থানীয়রা। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় মাধাইয়া এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী ব্যবসায়ী ও মেসার্স জান্নাত এন্টারপ্রাইজের মালিক মেহেদী হাসান জানান, তিনি দীর্ঘ দেড় বছর ধরে একটি কোম্পানির ডিলারের সঙ্গে ব্যবসা করছেন। সম্প্রতি কৃষিপণ্যের কীটনাশক কেনার জন্য তিনি টাকা পরিশোধ করেন। এরপর পণ্য সরবরাহের জন্য গাড়িযোগে মালামাল নিয়ে আসা হয়।

মেহেদী হাসানের অভিযোগ, গাড়ি থেকে তাড়াহুড়া করে মালামাল নামানোর সময় কয়েকটি কার্টনের ওজন অস্বাভাবিক মনে হয়। পরে কার্টন খুলে ভেতরে ওষুধের পরিবর্তে ইট ও বাঁশ দেখতে পান তিনি। এ সময় গাড়িতে থাকা ব্যক্তিরা দ্রুত গাড়ি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটক করেন। কার্টনগুলোতে প্রায় চার লাখ ৯২ হাজার টাকার পণ্যের পরিবর্তে ইট ও বাঁশ দেওয়া হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর।

এ বিষয়ে চান্দিনা থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান বলেন, বিষয়টি ভিডিওর মাধ্যমে জেনেছি। তবে এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।