মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Wednesday, 28 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
26 October 2026
অন্যান্য

জয়পুরহাটে দিলীপ কুমার মাঝি হত্যা মামলায় ২৩ বছর পর রায়

জয়পুরহাটের পাঁচবিবিতে চাঞ্চল্যকর দিলীপ কুমার মাঝি হত্যা মামলায় দীর্ঘ ২৩ বছর পর মোজাম নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. তসরুজ্জামান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি মোজাম পাঁচবিবি উপজেলার কুসুম্বা গ্রামের মৃত সোলেমানের ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, পাঁচবিবি উপজেলার কুসুম্বা গ্রামের দিলীপ কুমার মাঝির স্ত্রীকে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন একই গ্রামের মোজাম। বিষয়টি দিলীপ কুমার ও তাঁর পরিবারের লোকজন জানতে পেরে প্রতিবাদ করলে মোজাম ক্ষিপ্ত হয়ে তাঁকে মারধর করেন।

এরই জেরে ২০০৩ সালের ২০ মে রাতে দিলীপ কুমার প্রাকৃতিক প্রয়োজনে ঘরের বাইরে গেলে মোজাম ও তাঁর এক সহযোগী বাড়িতে প্রবেশ করেন। এ সময় তাঁরা দিলীপের স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলেন। পরে দিলীপ ঘরে ফিরে এলে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে মরদেহ ঘরের বাঁশের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। পরদিন সকালে পুলিশ তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

ঘটনার পরদিন পাঁচবিবি থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম পাশা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত আজ এই রায় প্রদান করলেন।