26 October 2026
নাটোরের সিংড়ায় স্বামীর থাপ্পড়ে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

নাটোরের সিংড়ায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর থাপ্পড়ে পূর্ণিমা খাতুন (২৩) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার হাতিয়ানদহ এলাকার নতুন বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যায় নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে স্বামী রাশেদুল ইসলামের সঙ্গে পূর্ণিমা খাতুনের কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে রাশেদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে পূর্ণিমাকে জোরে থাপ্পড় মারেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
