মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Tuesday, 27 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
27 October 2026
অন্যান্য

ইনানীতে মাটি খুঁড়তেই আগুনের কুণ্ডলী, আতঙ্কে স্থানীয়রা

কক্সবাজারের উখিয়ার পর্যটন এলাকা ইনানীতে নলকূপ স্থাপনের জন্য মাটি খুঁড়তে গিয়ে ভূগর্ভ থেকে আগুনের কুণ্ডলী বের হওয়ার ঘটনা ঘটেছে। একই সঙ্গে বের হচ্ছে গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া। ভূগর্ভে গ্যাসের উপস্থিতির কারণে এমনটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন জ্বলতে থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে ইনানীর এলজিইডি সড়কের ছোট ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সাইদুল ইসলাম আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে আগুন জ্বলছিল। প্রাথমিকভাবে মাটির নিচে গ্যাসের চাপ থেকে এমন পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলের আশপাশে বসতবাড়ি ও স্থাপনা থাকায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। আগুনের উৎসস্থলের কাছাকাছি থাকা কয়েকটি বাড়ি থেকে লোকজন নিরাপদ স্থানে সরে গেছেন।

ঘটনাস্থলের কাছের একটি পাঁচ তারকা হোটেলে কর্মরত স্থানীয় যুবক আলামিন বলেন, ‘যেখানে আগুনের সৃষ্টি হয়েছে, তার পাশের একটি ঘরে আমরা কয়েকজন হোটেলকর্মী থাকি। হঠাৎ আগুন দেখে খুবই ভয় পেয়েছি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে আসেন।’

এদিকে আগুন বৈদ্যুতিক খুঁটি ও তারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। তবে ভূগর্ভ থেকে বের হওয়া আগুনের প্রকৃত উৎস এবং সেখানে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।