27 October 2026
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

নভেম্বরের প্রথম সপ্তাহেই টানা তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন দেশের স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। সাপ্তাহিক ছুটির সঙ্গে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজা উপলক্ষে এ ছুটির সুযোগ তৈরি হচ্ছে।
২০২৬ সালের সরকারি ছুটির তথ্য এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রকাশিত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৭ নভেম্বর (শনিবার) পালিত হবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। পরদিন ৮ নভেম্বর (রোববার) হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্যামাপূজা।
এর আগে ৬ নভেম্বর (শুক্রবার) সাপ্তাহিক ছুটি। ফলে শুক্র, শনি ও রোববার মিলিয়ে টানা তিন দিন বন্ধ থাকতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান।
প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং সংশ্লিষ্ট কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এ ছুটি পেতে পারেন। একই সময়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও ছুটি থাকার কথা রয়েছে।
তবে মাদরাসার ছুটির বিষয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ না থাকায় মাদরাসার শিক্ষার্থীরা একই সময়ে টানা তিন দিনের ছুটি পাবেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
