মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Wednesday, 28 October 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
27 October 2026
অন্যান্য

হাতিরঝিলে দুর্গন্ধের উৎস কারওয়ান বাজার-কাঁঠালবাগানের বর্জ্য: রাজউক চেয়ারম্যান

রাজধানীর হাতিরঝিলের পানি থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধ নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। তিনি বলেন, লেকের পরিচ্ছন্নতা ধরে রাখতে নিয়মিত কার্যক্রম চলছে, পাশাপাশি দুর্গন্ধের উৎস খুঁজে বের করে সমাধানের চেষ্টাও করা হচ্ছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে হাতিরঝিল এলাকা ঘুরে দেখেন তিনি। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাজউক চেয়ারম্যান। এ সময় রাজউকের সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন। তিনি কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন।

রিয়াজুল ইসলাম জানান, এটি রাজউকের নিয়মিত পরিদর্শনের অংশ। বিদেশ থেকে দেশে ফিরে সরাসরি তিনি হাতিরঝিলে যান।

দুর্গন্ধের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, গণমাধ্যমের প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি তাঁদের নজরে এসেছে। প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, সব জায়গায় নয়, নির্দিষ্ট কিছু স্থানে সমস্যাটি বেশি। বিশেষ করে দাবা বোর্ড পার্কসংলগ্ন অংশে দুর্গন্ধ তীব্র।

তাঁর ভাষ্য, কারওয়ান বাজার, কাঁঠালবাগানসহ আশপাশের এলাকার বর্জ্য ওই অংশে এসে জমছে। শুষ্ক মৌসুমে পানির প্রবাহ ও পরিমাণ কমে যাওয়ায় দূষণ আরও বাড়ছে, যার ফলে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে।

সমস্যা মোকাবিলায় ইতোমধ্যে পানিতে চুন ও ব্লিচিং পাউডার প্রয়োগ করা হচ্ছে বলে জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একজন শিক্ষকের মাধ্যমে বিষয়টি পরীক্ষা করিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজউক চেয়ারম্যান আরও জানান, বিষয়টি প্রধানমন্ত্রীও অবগত আছেন। দুর্গন্ধ ছড়িয়ে পড়া ঠেকাতে নির্দিষ্ট স্থানে বর্জ্য ব্যবস্থাপনা এবং ব্লিচিং পাউডার প্রয়োগসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।