30 October 2026
ফটিকছড়িতে নিয়ন্ত্রণ হারানো প্রাইভেট কারে মিলল ৪০ লিটার মদ

চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি ঢালাই মেশিনে ধাক্কা দিয়েছে একটি প্রাইভেট কার। দুর্ঘটনার পর গাড়িটি ঘটনাস্থলে রেখে চালক ও আরোহীরা চলে যান। পরে গাড়িটি থেকে ৪০ লিটার মদ উদ্ধারের কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আজম রোডের মাথায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী প্রাইভেটকারটি নাজিরহাটের আজম রোড এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি সড়কের পাশে থাকা একটি ঢালাই মেশিনে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা ইমরুল জানান, দুর্ঘটনার পর গাড়িতে থাকা ব্যক্তিরা সেটি ঘটনাস্থলে রেখে চলে যান। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ৪০ লিটার মদ পাওয়া যায়। গাড়িটির নিবন্ধন নম্বর চট্টগ্রাম মেট্রো-১৪-৩৬৪৩।
নাজিরহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি মদসহ জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।
