মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Sunday, 01 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
30 October 2026
অন্যান্য

মামলা মানেই ঝামেলা, কোর্টে দৌড়াদৌড়ি করতে চাই না: তাহসিফের বাবা

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর আন্তরিক সহযোগিতা চেয়েছেন তার বাবা একেএম এনায়েতুল করিম। একই সঙ্গে ছেলের মৃত্যুর ঘটনায় এখনো মামলা না করার কারণও ব্যাখ্যা করেছেন তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তাহসিফের বাবা জানান, মামলা করার বিষয়ে পরিবার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। আদালতে দৌড়াদৌড়িসহ নানা ধরনের আইনি জটিলতা এড়াতে চান তারা। তবে সরকারি সংস্থাগুলোর তদন্ত কার্যক্রমের ওপর আস্থা রয়েছে তার।

এনায়েতুল করিম বলেন, ‘মামলার ব্যাপারে আমরা এখনো ভাবিনি। আমরা পারিবারিকভাবে এটা আলোচনা করব, পরে সিদ্ধান্ত নেব। তবে মামলার কেন প্রয়োজন হবে? সরকার নিশ্চয়ই এ ব্যাপারে দায়িত্ববোধের পরিচয় দেবে এবং অত্যন্ত আন্তরিক হবে বলে আমি বিশ্বাস করি।’

মামলা না করার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘মামলা মানেই তো আমাদের দেশে একটা ঝামেলা। কোর্টে দৌড়াদৌড়ি, কে চায় এই ঝামেলার মধ্যে পড়তে?’

সরকারি সংস্থাগুলোর তৎপরতায় সন্তোষ প্রকাশ করে তাহসিফের বাবা বলেন, সরকারের বিভিন্ন সংস্থাকে তিনি ইতোমধ্যে দায়িত্বশীল ও সক্রিয়ভাবে কাজ করতে দেখেছেন। তাই ছেলের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ভূমিকা রাখবে বলে আশা করছেন তিনি।

এদিকে, পুলিশের ধাওয়া খেয়ে তাহসিফের দৌড়ে পালানোর প্রসঙ্গেও প্রশ্ন তুলেছেন তার বাবা। তিনি বলেন, ‘একজন ডিফেন্স অফিসার পুলিশের ধাওয়াতে দৌড় দেবে, এটা হাস্যকর বক্তব্য না? এটা তো প্রশ্নই আসে না।’

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর বিকেলে রাজধানীর উত্তরখান এলাকায় তুরাগ নদের রাজাঘাট থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। তিনি পরিবারের সঙ্গে উত্তরার ১৮ নম্বর সেক্টরে বসবাস করতেন।

মরদেহ উদ্ধারের পর থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটির সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে মোটরসাইকেলটি উদ্ধারের মধ্য দিয়ে মৃত্যুরহস্য উদ্‌ঘাটনের তদন্তে নতুন সূত্র পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

তবে তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ কী এবং এর পেছনে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট সংস্থা।