মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Sunday, 01 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
01 November 2026
অন্যান্য

মিলানে অশ্রুসিক্ত কিংবদন্তি কাকা, পেলেন বিরল সম্মাননা

সান সিরোয় হাইভোল্টেজ মিলান ডার্বির আগে এসি মিলান সমর্থকদের জন্য তৈরি হয় এক আবেগঘন মুহূর্ত। ক্লাবের বিখ্যাত ‘হল অব ফেমে’ আনুষ্ঠানিকভাবে জায়গা পেয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রিকার্ডো কাকা। প্রিয় তারকাকে সম্মান জানাতে গ্যালারিতে উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে করতালি দিয়ে তাঁকে অভ্যর্থনা জানান। ভক্তদের এমন ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে চোখের জল ধরে রাখতে পারেননি সাবেক এই তারকা ফুটবলার।

ম্যাচ শুরুর ঠিক আগে সান সিরোর সবুজ গালিচায় পা রাখেন কাকা। এ সময় দর্শকদের স্বতঃস্ফূর্ত করতালি ও দাঁড়িয়ে সম্মান জানানোর দৃশ্যে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। গ্যালারির দিকে তাকিয়ে ভক্তদের ভালোবাসার জবাব দেন এই ব্রাজিলিয়ান মহাতারকা।

এসি মিলানে কাকার দুটি অধ্যায় রয়েছে। ২০০৩ সালে ব্রাজিলের সাও পাওলো থেকে ইতালিয়ান ক্লাবটিতে যোগ দেন তিনি। প্রথম মেয়াদে টানা ছয় মৌসুম খেলেন লাল-কালো জার্সিতে। পরে ২০১৩-১৪ মৌসুমে আবারও ফিরে আসেন প্রিয় ক্লাবে।

দুই মেয়াদে এসি মিলানের হয়ে ৩০৭টি ম্যাচ খেলেছেন কাকা। এ সময় তাঁর গোল ১০৪টি, আর সতীর্থদের দিয়ে করিয়েছেন ৮১টি গোল।

মিলানের জার্সিতে কাকার সাফল্যের শুরুটা হয় অভিষেক মৌসুমেই। ২০০৩-০৪ মৌসুমে দলটির হয়ে জেতেন সেরি আ শিরোপা। তবে তাঁর ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় বছর ২০০৭। সে বছর তাঁর অসাধারণ পারফরম্যান্সে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতে এসি মিলান।

২০০৬-০৭ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে ১০ গোল করে সর্বোচ্চ গোলদাতা হন কাকা। এথেন্সের ফাইনালে লিভারপুলকে হারিয়ে ইউরোপসেরার মুকুট জেতে মিলান। ওই বছরই ব্যক্তিগত অর্জনের শীর্ষে পৌঁছান তিনি- জেতেন ব্যালন ডি’অর। এখন পর্যন্ত তিনিই সর্বশেষ ব্রাজিলিয়ান ফুটবলার, যিনি এই পুরস্কার জিতেছেন।

২০০৭ সালে চ্যাম্পিয়নস লিগ ও ব্যালন ডি’অরের পাশাপাশি এসি মিলানের হয়ে উয়েফা সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপাও জেতেন কাকা। ক্লাবটির ইতিহাসে তাঁর অবদান ও সমর্থকদের সঙ্গে গভীর সম্পর্কেরই যেন আবেগঘন স্বীকৃতি হয়ে থাকল ‘হল অব ফেমে’ অন্তর্ভুক্তির এই আয়োজন।