03 November 2026
ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে একটি ভাড়া বাসা থেকে শাহীন হোসেন (৩২) নামের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার একটি বাড়ির চতুর্থ তলার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শাহীন উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নয়াগাঁও গ্রামের রতন মিয়ার ছেলে। তিনি রাজাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
নিহতের বড় ভাই আজাহার হোসেন জানান, প্রায় পাঁচ মাস আগে বাড়ি থেকে বের হওয়ার পর পরিবারের কারও সঙ্গে যোগাযোগ রাখেননি শাহীন। সোমবার দুপুরে তাঁর বন্ধু আলমগীর হোসেন ফোন করে শাহীনের মৃত্যুর খবর জানান। পরে ওই বাসায় গিয়ে বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান তিনি। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন।
আজাহার হোসেনের ভাষ্য, রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজার তালা ভেঙে ঘরের খাটের ওপর শাহীনের মরদেহ দেখতে পায়। তাঁর গলায় আঘাতের চিহ্ন ছিল। শক্ত জিআই তার গলায় পেঁচিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, বাসাটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পর দুর্বৃত্তরা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, প্রতিবেশীদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, এক তরুণীর সঙ্গে ওই বাসায় থাকতেন শাহীন। ঘটনার পর থেকে ওই তরুণীকে পাওয়া যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
