মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Wednesday, 04 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
04 November 2026
অন্যান্য

কুমিল্লায় ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজের আদনান আলতাফ নামের এক ভারতীয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজ হওয়ার দুই দিন পর বুধবার (৪ নভেম্বর) সকালে কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৫০০ গজ দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আদনান আলতাফ ভারতের জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার সুপুর এলাকার বুনপাড়ার আলতাফ হোসাইন রাথারের ছেলে।

পরিবারের তথ্য অনুযায়ী, গত সোমবার (২ নভেম্বর) রাত ১১টা ৩৬ মিনিটে আদনান ইস্টার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে একটি ইন্ডিয়ান ফুড হোটেলে যান। সেখান থেকে রাত ১২টা ৫ মিনিটের দিকে তিনি নিখোঁজ হন। তার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এবং এ ঘটনায় বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম বলেন, আদনান কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন। যে কারণে তার মাকে সঙ্গে রেখে ক্যাম্পাসে থাকার ব্যবস্থা করা হয়েছিল।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর থেকেই পুলিশ তাকে খোঁজাখুঁজি করছিল। পরে সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।