মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Friday, 06 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
06 November 2026
অন্যান্য

বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষ অর্থায়ন কর্মসূচি ‘উদ্যোগ’-এর আওতায় ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে প্রতারক চক্র। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

সতর্কবার্তায় বলা হয়, সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের নজরে এসেছে, ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কিছু ব্যক্তি বিকাশসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এবং অন্যান্য মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘উদ্যোগ’ কর্মসূচির সব কার্যক্রম স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পরিচালিত হচ্ছে। তাই এ কর্মসূচির আওতায় ঋণ পাওয়ার নিশ্চয়তা কিংবা ঋণ পাইয়ে দেওয়ার নামে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অর্থ না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, ‘উদ্যোগ’ নামে তাদের কোনো আনুষ্ঠানিক ফেসবুক পেজ বা অন্য সামাজিক যোগাযোগমাধ্যমে অফিসিয়াল অ্যাকাউন্ট নেই। এ নামে ভুয়া পেজ বা অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার কিংবা প্রতারণামূলক কর্মকাণ্ড চালালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ ধরনের প্রতারণামূলক প্রচারণায় বিভ্রান্ত না হতে এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এদিকে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘উদ্যোগ’ কর্মসূচির আওতা সম্প্রসারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর আওতায় দেশের অবশিষ্ট ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। গত ১ নভেম্বর শুরু হওয়া এ কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা সহায়তা পাবেন। এর মধ্যে ১০ লাখ টাকা ঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণ ও অনুদানের অর্থ একসঙ্গে এককালীন বিতরণ করা হবে। অনুদানের অর্থ আসবে বাণিজ্যিক ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে।

আগ্রহী তরুণ উদ্যোক্তাদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে। আবেদন ফরম পাওয়া যাবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইটে।

এর আগে পরীক্ষামূলকভাবে দেশের আট জেলার ৬৪টি উপজেলা থেকে আবেদন গ্রহণ করা হয়েছিল। গত ১৬ সেপ্টেম্বর শুরু হয়ে ১৫ অক্টোবর শেষ হওয়া ওই পর্যায়ে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়ে।