মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Wednesday, 11 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
10 November 2026
অন্যান্য

জামিনের অপেক্ষায় আ. লীগ নেতা, তার আগেই কারাগারে মৃত্যু

কিশোরগঞ্জ জেলা কারাগারে (১) বন্দী অবস্থায় রঞ্জিত কুমার ঘোষ (৫০) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। এর আগে, রোববার (৮ নভেম্বর) স্থানীয় আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। সোমবার (৯ নভেম্বর) তাঁর মুক্তি পাওয়ার কথা ছিল।

রঞ্জিত কুমার ঘোষ কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। জুলাই অভ্যুত্থানের সময়কার ঘটনায় দায়ের করা একটি মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

কারাগার ও হাসপাতাল সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন রঞ্জিত কুমার। কারা হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছিল। সোমবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে কারা কর্তৃপক্ষ তাঁকে দ্রুত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ জেলা কারাগারের (১) জেল সুপার জাহানারা বেগম বলেন, ‘রঞ্জিত কুমার ঘোষ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কারা হাসপাতালেই তিনি চিকিৎসাধীন ছিলেন। সোমবার সকালে অসুস্থতা বেড়ে যাওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য (সৈয়দ নজরুল ইসলাম) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।’

রঞ্জিত কুমার ঘোষের ভাগনে মৃণাল কান্তি দাস তাঁর মামার জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (৮ নভেম্বর) রঞ্জিত কুমারের জামিন মঞ্জুর করেন আদালত। এবং সোমবার সকালে তাঁর কারামুক্ত হওয়ার কথা ছিল। কিন্তু মুক্তি পাওয়ার আগেই তিনি দুনিয়ার সবকিছু থেকেই মুক্তি নিয়ে পরপারে চলে গেলেন।