মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Wednesday, 11 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
10 November 2026
অন্যান্য

১৫ দিনেও থামেনি গ্যাস নির্গমন,মজুত জানতে অনুসন্ধান করবে বাপেক্স

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ বসানোর সময় ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন টানা ১৫ দিন ধরে জ্বলছে। দুই সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও গ্যাসের প্রবাহ ও চাপ কমেনি। এ অবস্থায় গ্যাসের অনিয়ন্ত্রিত প্রবাহ বন্ধ করে নিরাপত্তা নিশ্চিত করতে কারিগরি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছেন বাপেক্স ও জ্বালানি বিশেষজ্ঞরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাপেক্স ও জ্বালানি বিশেষজ্ঞদের নয় সদস্যের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেট্রোলিয়াম ভূতাত্ত্বিক ও বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক হাওলাদার ওহিদুল ইসলাম বলেন, প্রথম দিন গ্যাসের প্রবাহ যেমন ছিল, এখনো তেমনই আছে। এটি মাটির অগভীরে থাকা ছোট কোনো গ্যাসের পকেট থেকে আসছে কি না, তা বোঝার জন্য ১৫ দিন পর্যবেক্ষণ করা হয়েছে। কিন্তু গ্যাসের প্রবাহ কমেনি।

বিশেষজ্ঞরা প্রথমে ধারণা করেছিলেন, অগভীর কোনো ছোট গ্যাসের পকেট থেকে নির্গমন হলে ধীরে ধীরে প্রবাহ কমে আসবে। কিন্তু ১৫ দিনেও পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় এখন গ্যাস নিয়ন্ত্রণে কারিগরি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন তাঁরা।

হাওলাদার ওহিদুল ইসলাম বলেন, ‘অনিয়ন্ত্রিত গ্যাসপ্রবাহ বন্ধ করাই এখন প্রথম কাজ। আরও অনুসন্ধান পরে করা হবে। একে এভাবে জ্বলতে দেওয়া যায় না।’

ঘটনাস্থলের ভূতাত্ত্বিক গঠন বিশ্লেষণ করে সেখানে গ্যাস জমা হওয়ার মতো কাঠামোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি। তাঁর ভাষ্য, বাংলাদেশের কয়েকটি এলাকায় একই ধরনের শিলার কাঠামো রয়েছে, যেখানে গ্যাসের মজুত আবিষ্কৃত হয়েছে। তবে ইনানীতে ভূগর্ভে কী পরিমাণ গ্যাস রয়েছে এবং তা বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য কি না, তা নিশ্চিত হতে ভূতাত্ত্বিক জরিপ ও বিনিয়োগ প্রয়োজন।

বিশেষজ্ঞদের মতে, আপাতত গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করাই অগ্রাধিকার। এরপর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও অনুসন্ধানের মাধ্যমে গ্যাসের মজুত এবং বাণিজ্যিক সম্ভাবনা যাচাই করা হবে।

এর আগে গত ২৭ অক্টোবর উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী গ্রামের একটি বাড়ির আঙিনায় নলকূপ বসানোর সময় ভূগর্ভ থেকে গ্যাস বের হতে শুরু করে। পরে সেই গ্যাসে আগুন ধরে যায়। এরপর থেকে সেখানে গ্যাসের প্রবাহ ও আগুন অব্যাহত রয়েছে।