10 November 2026
লালমনিরহাটে গুদামঘর দখল নিয়ে বিরোধ: বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় একটি গুদামঘরের দখল ও ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সরবি বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে আরও এক নারী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে উপজেলার ভোটমারী ইউনিয়নের ভুল্যারহাট বাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সরবি বেগম পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের পূর্ব বিছনদই গ্রামের এলাহী বখসের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুল্যারহাট বাজার এলাকার নুরুদ্দিন মিয়ার একটি গুদামঘরে যৌথভাবে ব্যবসা পরিচালনা করতেন স্থানীয় ব্যবসায়ী আশরাফুল ইসলাম রাজু। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে ব্যবসায়িক লেনদেনের হিসাব ও গুদামের মালিকানা নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি গুদামঘরের মালিক নুরুদ্দিন সম্পত্তিটি শাহজালাল নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। তবে ব্যবসায়িক পাওনা ও হিসাব নিষ্পত্তি না হওয়ায় রাজু ও তাঁর পরিবার ঘরটি ছাড়তে অস্বীকৃতি জানান। একই দাগে রাজুর ৬ শতাংশ জমি রয়েছে দাবি করে গুদামঘরটির দখল বজায় রাখতে তিনি সেখানে তাঁর ফুপু সরবি বেগমকে থাকতে দিয়েছিলেন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে ঘরটি দখলের উদ্দেশ্যে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় তারা সরবি বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁকে বাঁচাতে এগিয়ে এলে অপর এক নারী দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে কালীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মনজুরে মওলা জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
