মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Thursday, 12 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
11 November 2026
অন্যান্য

বাংলাদেশি টিকটকারের ভিডিও প্রকাশ, গ্রিস থেকে দেশে পাঠানো হলো ৫০ অভিবাসীকে

বাংলাদেশ ও পাকিস্তানের ৫০ জন অনিয়মিত অভিবাসীকে বিশেষ চার্টার ফ্লাইটে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে গ্রিস। দেশটির অভিবাসন ও শরণার্থীবিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিস এ তথ্য জানিয়েছেন।

ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে রয়েছেন ২৭ বছর বয়সী বাংলাদেশি যুবক মো. হাসান। গ্রিসের নাফপ্লিও শহরে অবৈধভাবে অভিবাসীদের প্রবেশে উৎসাহিত করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভিডিও প্রকাশের অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

গ্রিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত জুনে প্রকাশিত ওই ভিডিওতে হাসানকে বলতে শোনা যায়, নাফপ্লিওতে কাজের সুযোগ রয়েছে। যাদের বৈধ কাগজপত্র নেই, তারাও সেখানে যেতে পারবেন। এমনকি দীর্ঘদিন অবস্থান করলেও পুলিশ তাদের খুঁজে পাবে না বলেও দাবি করেন তিনি।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি গ্রিক কর্তৃপক্ষের নজরে আসে। পরে পুলিশ তদন্ত করে হাসানকে শনাক্ত করে। এরপর তার আগের রেসিডেন্স পারমিট বাতিল করা হয় এবং আশ্রয়ের আবেদনও প্রত্যাখ্যান করা হয়।

জানা গেছে, মৌলভীবাজারের বাসিন্দা হাসান গত চার থেকে পাঁচ বছর ধরে গ্রিসে বসবাস করছিলেন। তবে বিতর্কিত ভিডিও প্রকাশের পর দেশটির অভিবাসন আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

গ্রিসের অভিবাসনমন্ত্রী থানোস প্লেভরিস জানিয়েছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মোট ৫০ জনকে নিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করা হয়েছে। অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে, এ ঘটনায় গ্রিসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। প্রবাসীদের একাংশের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা বাড়াতে কিছু ব্যক্তি অবৈধভাবে গ্রিসে প্রবেশের পথ ও সুযোগ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। এতে দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।