মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Thursday, 12 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
11 November 2026
অন্যান্য

বিজয় এক্সপ্রেসে টিকিট ছাড়াই যাত্রী, ভাড়ার টাকা চক্রের পকেটে যাওয়ার অভিযোগ

জামালপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত চলাচলকারী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনে প্রতিদিন নির্ধারিত আসনের চেয়ে কয়েকগুণ বেশি যাত্রী যাতায়াত করছেন। এর মধ্যে ময়মনসিংহের গৌরীপুর জংশন থেকে ওঠা অধিকাংশ যাত্রীই ট্রেনের অ্যাটেনডেন্টসহ (সেবা প্রদানকারী) রেলের বিভিন্ন পর্যায়ের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে বিনা টিকিটে ভ্রমণ করছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। যাত্রীদের কাছ থেকে নেওয়া ভাড়ার টাকা সরকারি কোষাগারে জমা না হয়ে অসাধু চক্রের পকেটে যাচ্ছে, ফলে প্রতিদিন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার।

সম্প্রতি সাংবাদিকদের এক অনুসন্ধানে বেরিয়ে এসেছে এ দুর্নীতি ও অনিয়মের চিত্র। অনুসন্ধানে জানা যায়, জামালপুর থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুর জংশন হয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রতিদিন গৌরীপুর জংশন থেকে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার বিভিন্ন অঞ্চলের প্রায় পাঁচ শতাধিক মানুষ এই ট্রেনে করে চট্টগ্রাম, লাকসাম, ফেনীসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। এদের মধ্যে অধিকাংশ যাত্রীই কাউন্টার থেকে টিকিট না কেটে কর্তব্যরত অ্যাটেনডেন্টদের সঙ্গে চুক্তির মাধ্যমে কম টাকায় বিনা টিকিটে ভ্রমণ করেন।

বিনা টিকিটের এসব যাত্রীদের ট্রেনের নামাজখানা, খাবার গাড়ি (ডাইনিং কার) ও বগির দরজার কাছের ফাঁকা জায়গায় গাদাগাদি করে বসানো হয়। ট্রেন গন্তব্যে পৌঁছানোর পর অত্যন্ত সুকৌশলে এসব যাত্রীদের নিরাপদে স্টেশন গেট পার করে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের এই বিশাল চক্রের সঙ্গে ট্রেনের অ্যাটেনডেন্টদের পাশাপাশি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকেন টিটিই, রেলওয়ে পুলিশ (জিআরপি), নিরাপত্তা বাহিনী (আরএনবি) এবং প্রতিটি স্টেশনের স্থানীয় একটি দালাল চক্র। এ বিষয়ে জানতে চাইলে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের ম্যানেজার মোহাম্মদ ফরিদ গণমাধ্যমকে বলেন,"বিনা টিকিটে যাত্রী নেওয়ার কোনো নিয়ম নেই। আমি গত এক সপ্তাহ ছুটিতে ছিলাম, আজকে এসেছি। ট্রেনের স্টাফদের বিরুদ্ধে টাকা নিয়ে বিনা টিকিটে যাত্রী পরিবহনের অভিযোগের বিষয়টি আমি খতিয়ে দেখছি।"

ময়মনসিংহ টিটিই ইনচার্জ সোহেল চৌধুরী জনবল সংকটের কথা উল্লেখ করে বলেন,"আমাদের টিটিইদের কয়েকটি গ্রুপ ভাগ করে কাজ করতে হয়। জামালপুর থেকে ময়মনসিংহ এবং ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ পর্যন্ত একটি গ্রুপ কাজ করে। এরপর কিশোরগঞ্জের পর থেকে আখাউড়া, লাকসাম ও চট্টগ্রামের আলাদা গ্রুপ রয়েছে। এক গ্রুপের নজর এড়িয়ে গেলে অন্য গ্রুপের ধরার কথা। তবে আমাদের কিছুটা জনবল সংকট রয়েছে, যার কারণে হয়তো সবকিছু সবসময় নজরদারি করা সম্ভব হয়ে ওঠে না। তবে অভিযোগের বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখব।" গৌরীপুর জংশনের স্টেশন মাস্টার আতাউর রহমান বলেন,"আমাদের স্টেশনে আলাদা কোনো টিসি বা টিটিই নেই। তবে অভিযোগের প্রেক্ষিতে বিজয় এক্সপ্রেস ট্রেনে চেকিংয়ের ব্যবস্থা নিচ্ছি এবং অবৈধ যাত্রীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।"

এ বিষয়ে ময়মনসিংহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন,"আমরা প্রতিদিন ডিউটিতে যাওয়ার আগে পুলিশ সদস্যদের ব্রিফ করে থাকি। এখানে পুলিশের কোনো সদস্যের অনৈতিক সুযোগ নেওয়ার সুযোগ নেই। অবৈধ যাত্রী পরিবহনে যদি আমাদের কোনো সদস্যের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।" অন্যদিকে, গৌরীপুর জংশনের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ইনচার্জ আব্দুল মালেক বিষয়টি এড়িয়ে যান। মুঠোফোনে তিনি সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি জানান, "স্টেশনের সবকিছু চেক করার এখতিয়ার স্টেশন মাস্টারের। তবে নিরাপত্তার বিষয়ে বিস্তারিত সরাসরি অফিসে এলে কথা বলব।"