মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Friday, 13 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
12 November 2026
অন্যান্য

নীরব বসে থাকার কোনো সুযোগ নেই: শফিকুর রহমান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ দায়িত্ব পালনে সরকার ব্যর্থ হলে উচ্চমূল্যে খেসারত দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন জামায়াত আমির।

হামলাটিকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে শফিকুর রহমান লেখেন, অবশ্যই দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত উচ্চমূল্যে দিতে হবে। এ ঘটনায় নীরব বসে থাকার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে বুধবার রাতে নিজের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে ফেসবুকে পোস্ট দেন নুসরাত তাবাসসুম। সেখানে তিনি দাবি করেন, তার বাড়িতে পেট্রলবোমা ছোড়া হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি জানেন না বলেও উল্লেখ করেন। পোস্টে তিনি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুষ্টিয়া জেলা এনসিপি। জেলা এনসিপির সভাপতি জান্নাতুল ফেরদৌস টনি অভিযোগ করেন, ফ্যাসিবাদের দোসর নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় এনসিপির সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি কক্ষ ও দুটি ছাগল আগুনে পুড়ে যায়।