মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Sunday, 15 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
14 November 2026
অন্যান্য

হামলার ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রিত মার্কিন অর্থমন্ত্রী বললেন, ‘আমি ইরানকে ভয় পাই না’

ইরানের পক্ষ থেকে মৃত্যুর হুমকি পাওয়ার পর যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে আশ্রয় নেওয়া মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, তিনি ইরানি নেতৃত্বের চাপে নতি স্বীকার করবেন না। তেহরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। শুক্রবার (১৩ নভেম্বর) সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানি নেতৃত্বকে উদ্দেশ করে কড়া ভাষায় কথা বলেন বেসেন্ট।

সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, ‘ইরানের নেতৃত্বকে ধিক্কার। তারা আমাকে হত্যার হুমকি দিয়েছে বলে আমি ভীত হব না। মন্ত্রিসভার অন্য সদস্যরাও ভয় পাবেন না। এর অর্থ হলো, আমরা যে অপারেশন ইকোনমিক আউটকাস্ট চালাচ্ছি, তা কাজ করছে।’

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) ‘বিপজ্জনক ও কোণঠাসা প্রাণী’র সঙ্গে তুলনা করেন তিনি।

ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে জোরদার নিষেধাজ্ঞা অভিযান শুরুর পর থেকে বেসেন্টের বিরুদ্ধে হুমকি বেড়েছে। গত আগস্টের শেষ দিকে এই অভিযান শুরু হয়। সে সময় একে ‘অর্থনৈতিক ডি-ডে’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল। নিরাপত্তা জোরদার করতে মৃত্যুর হুমকির মুখে সম্প্রতি ওয়াশিংটন ডিসি এলাকার নিজ বাসা ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন তিনি।

হামলার ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রিত মার্কিন অর্থমন্ত্রী বললেন, ‘আমি ইরানকে ভয় পাই না’

সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপেরও পক্ষে কথা বলেন বেসেন্ট। তার মতে, এই পদক্ষেপ নেওয়া ‘১০০ শতাংশই সার্থক’ হয়েছে।

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এমন একটি পদক্ষেপ নিয়েছেন, যা ৪৭ বছর ধরেই প্রয়োজন ছিল। আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠব। প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন না, আমাদের কোনো চুক্তির প্রয়োজন আছে। আমরা তাদের ওপর চাপ অব্যাহত রাখব।’

এর আগে চলতি সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকরভাবে কাজ করায় ইরানে নতুন করে সামরিক অভিযান শুরুর প্রয়োজন নেই।

সূত্র : সিবিএস নিউজ