মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Sunday, 22 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
18 November 2026
অন্যান্য

রাজশাহীতে ‘জয় বাংলা’ স্লোগানে গ্রামীণ ব্যাংকের তিন কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ

রাজশাহীতে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে নগরীর বনলতা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার শিকার কার্যালয়গুলো হলো—গ্রামীণ ব্যাংকের জোনাল অফিস, জোনাল অডিট অফিস ও বিভাগীয় প্রধান কার্যালয়। একই ভবনে অবস্থিত কার্যালয়গুলোতে পরপর তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এতে বারান্দায় আগুন ধরে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হেলমেট পরা দুই যুবক মোটরসাইকেলে এসে গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করছেন। এ সময় ঘটনাস্থলে থাকা আরও অন্তত দুজন ভিডিও ধারণ করেন এবং ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। পেট্রলবোমা নিক্ষেপের পর হামলাকারীরা মোটরসাইকেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

তিনি আরও জানান, হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।