মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Sunday, 22 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
18 November 2026
অন্যান্য

সৌদি জোটের বিশাল এলাকা নিয়ন্ত্রণের দাবি ইরান সমর্থিত গোষ্ঠীর

সৌদি নেতৃত্বাধীন বাহিনীর ৬০টি ব্রিগেড ধ্বংস এবং ইয়েমেনের ৭ হাজার ১০০ বর্গকিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দেওয়া এক সামরিক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এসব দাবি করেন। দেশটির সশস্ত্র বাহিনীর গণমাধ্যম বিভাগ থেকে প্রকাশিত বিবৃতিতে তিনি জানান, তায়েজ ও লাহিজ প্রদেশের ১০টি জেলায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

ইয়াহিয়া সারির দাবি, অভিযানে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর ১২টি ডিভিশনের অন্তর্ভুক্ত ৬০টি ব্রিগেডকে পরাস্ত ও ধ্বংস করা হয়েছে। এসব বাহিনীর নেতৃত্বে ছিলেন সৌদি কর্মকর্তা মুহাম্মদ তালাল আল-বালাওয়ি।

তিনি আরও দাবি করেন, অভিযানে শত শত সামরিক যান ও সাঁজোয়া যান ধ্বংস, অচল কিংবা জব্দ করা হয়েছে। পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও জব্দ করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী।

বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের সার্বভৌমত্ব রক্ষা এবং বেসামরিক নাগরিক ও দেশটির সশস্ত্র বাহিনীর ওপর হামলার কাজে ব্যবহৃত এলাকাগুলো সুরক্ষিত করতেই এ অভিযান চালানো হয়েছে।

তিনি সৌদি সরকারের বিরুদ্ধে দীর্ঘ ১২ বছর ধরে আগ্রাসন ও অবরোধ চালানোর অভিযোগ করেন। একই সঙ্গে ধুবাব জেলায় বন্দিদের ওপর নির্যাতন এবং ওই অঞ্চলে বিপুলসংখ্যক সেনা মোতায়েনেরও অভিযোগ তোলেন।

দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোর বাসিন্দাদের উদ্দেশে ইয়েমেনের এই সামরিক মুখপাত্র বলেন, এ অভিযান দক্ষিণাঞ্চলের জনগণের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে না।

বিবৃতিতে তিনি আরও বলেন, সৌদি নেতৃত্বাধীন আগ্রাসন বন্ধ এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত সৌদি ভূখণ্ডের গভীরে সামরিক অভিযান অব্যাহত রাখবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এ ক্ষেত্রে 'অবরোধের জবাবে অবরোধ' এবং 'উত্তেজনার জবাবে উত্তেজনা' নীতি অনুসরণ করা হবে।

কৌশলগত বাব আল-মান্দেব প্রণালিতে নৌ চলাচল প্রসঙ্গে ইয়াহিয়া সারি দাবি করেন, সৌদি বাহিনীর সামরিক তৎপরতার বিরুদ্ধে ইয়েমেনের অভিযানের ফলে এ গুরুত্বপূর্ণ নৌপথে চলাচল আরও নিরাপদ হয়েছে।

তবে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর দেওয়া এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র- presstv