মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Sunday, 22 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
18 November 2026
অন্যান্য

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছবোঝাই ট্রাক উল্টে প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সারি দীর্ঘ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা। সকাল থেকেই কর্মস্থলগামী মানুষ ও দূরপাল্লার যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোরে চট্টগ্রামগামী লেনে যাওয়ার সময় মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছবোঝাই ট্রাকটি মহাসড়কের ওপর উল্টে যায়। এতে ট্রাকে থাকা গাছের গুঁড়িগুলো সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। ফলে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয় এবং একপর্যায়ে মহাসড়কে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সালাম মিয়া নামের এক ভুক্তভোগী যাত্রী বলেন, মেঘনায় যাওয়ার উদ্দেশে বের হয়ে প্রায় দেড় ঘণ্টা একই জায়গায় আটকে ছিলেন তিনি। যানজট ছাড়ার কোনো লক্ষণ না দেখে বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে বাড়ি ফিরে যাচ্ছেন।

ঘটনাস্থলে দায়িত্বে থাকা কাঁচপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট ফজলে রাব্বি জানান, ভোরে দুর্ঘটনা ঘটায় সড়ক থেকে গাছের গুঁড়িগুলো সরানোর জন্য তাৎক্ষণিকভাবে শ্রমিক পাওয়া যায়নি। এ কারণে যানজট দীর্ঘায়িত হয়েছে। এরই মধ্যে শ্রমিকদের কাজে লাগানো হয়েছে। রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।