মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Friday, 20 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
19 November 2026
অন্যান্য

৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বিএনপি, ফিরছেন ৭০ বিদ্রোহী প্রার্থীও

জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়া এবং তাদের সমর্থন করায় বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। এ প্রক্রিয়ায় পাঁচ শতাধিক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হতে পারে। এর মধ্যে ধানের শীষের বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়া অন্তত ৭০ জন বিদ্রোহী প্রার্থীও রয়েছেন। ইতিমধ্যে কয়েকজন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বাকিদের বিষয়ে পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূলের বিরোধ মেটানো এবং সাংগঠনিক শক্তি বাড়াতেই এ উদ্যোগ নিয়েছে দলটি। বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতার বরাতে এক প্রতিবেদন এসব তথ্য জানিয়েছে আগামীর সময়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ ৭০ বিদ্রোহী প্রার্থীকে শিগগিরই দলে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে তাদের সমর্থন করায় বহিষ্কৃত তৃণমূলের পাঁচ শতাধিক নেতার বিষয়েও সিদ্ধান্ত আসবে।

এরই মধ্যে নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। গত জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন তিনি। এর আগে গত আগস্টে নড়াইল সদর, পৌর ও লোহাগড়া বিএনপির ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির অন্তত ৭০ জন নেতা ধানের শীষের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হন। তাদের নির্বাচনে অংশ নেওয়ার কারণে বহিষ্কার করা হয়। বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতাকে বহিষ্কার করে দলটি। পরে তাদের অধিকাংশই দলে ফেরার আবেদন করেন।

বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সাতজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা, লুৎফর রহমান খান আজাদ, শেখ মজিবুর রহমান ইকবাল, আব্দুল হান্নান, আতিকুল আলম শাওন, সালমান ওমর রুবেল ও এ জেড এম রেজওয়ানুল হক।

এদিকে গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় দেখা যায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরবকে। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাকে ডেকে শোভাযাত্রায় সঙ্গে নেন। নিরব বলেন, ‘দলে আমার পদ-পদবি থাকুক বা না থাকুক, বহিষ্কারাদেশ প্রত্যাহার হোক বা না হোক- আমি বিএনপিতে আছি, বিএনপিতেই থাকব।’

বহিষ্কৃত নেতাদের অনেকে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দলে ফিরতে না পারলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার পরিকল্পনাও রয়েছে কারও কারও। বিএনপির নীতিনির্ধারকরা মনে করছেন, তৃণমূলের বিরোধ মিটিয়ে একক প্রার্থী নিশ্চিত করা গেলে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় ঐক্য বজায় রাখা সহজ হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কৃত নেতাদের প্রায় সবাই ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন। তবে প্রতিটি আবেদনের প্রেক্ষাপট এক নয়। স্থানীয় বাস্তবতা বিবেচনায় যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার জরুরি কিংবা যাদের অপরাধ ততটা গুরুতর নয়, তাদের আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।

মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেন, মনিরুল এলাকায় অত্যন্ত জনপ্রিয় ও প্রভাবশালী নেতা। জোটের কারণে হয়তো তাকে নড়াইল-২ আসনে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। বিষয়টি বিএনপি চেয়ারম্যান বিবেচনা করেছেন।