মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Friday, 20 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
19 November 2026
অন্যান্য

রাতভর তাণ্ডব ২১ জেলায়: বাস-ট্রেন-প্রতিষ্ঠানে আগুন, নিহত ৪

রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, বাস ও রেললাইনে আগুন, পুলিশের স্থাপনায় হামলা, সড়ক অবরোধ এবং ফাঁকা গুলির ঘটনায় দেশজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত থেকে বুধবার (১৮ নভেম্বর) রাত পর্যন্ত অন্তত ২১ জেলায় এসব সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় চারজনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে তিনজন বিএনপির নেতা এবং একজন বাসের হেলপার।

বুধবার সন্ধ্যায় নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিলে হামলার ঘটনায় দুই নেতা নিহত হন। তাঁরা হলেন কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিন ও জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও গোয়েন্দা সংস্থার সূত্রের দাবি, আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে বড় ধরনের সহিংসতার পরিকল্পনার তথ্য রয়েছে তাদের কাছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে নাশকতার ছক কষছেন বলে গোয়েন্দাদের ধারণা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ কারণে রাজধানীসহ সারা দেশে গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, পিরোজপুর, রংপুর, কুমিল্লা, মেহেরপুর, হবিগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, খুলনা, রাজশাহী, ফরিদপুর, চট্টগ্রাম, টাঙ্গাইল, দিনাজপুর, নড়াইল, কক্সবাজার ও নাটোরসহ বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, সংঘর্ষ ও সড়ক অবরোধের খবর পাওয়া গেছে। এ ছাড়া গ্রামীণ ব্যাংকের একাধিক কার্যালয়েও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বাসে আগুন, প্রাণ গেল হেলপারের
পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে বুধবার ভোর ৪টার দিকে বাহক পরিবহন ও লিসা পরিবহনের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর বাহক পরিবহনের বাসের ভেতর থেকে হেলপার সিয়ামের (২৫) দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সময় তিনি বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। সিয়াম বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইদিলকাঠি গ্রামের কবির হোসেনের ছেলে। ভান্ডারিয়া থানার ওসি দেওয়ান জগলুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে, ফরিদপুরের ভাঙ্গায় মঙ্গলবার রাতে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় হামলার ঘটনায় উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা (৩৪) নিহত হন। একই সময় বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের পাশাপাশি তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

গোপালগঞ্জে হাসপাতাল ও বিভিন্ন স্থাপনায় হামলা
গোপালগঞ্জ শহরে বুধবার সন্ধ্যা সোয়া ৭টার পর পাচুড়িয়া, কোর্ট এলাকা, লঞ্চঘাট, কাঁচাবাজার মোড়, পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকায় মোটরসাইকেলে করে দেশীয় অস্ত্রসহ মহড়া দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কয়েকটি বহর লঞ্চঘাট এলাকায় জড়ো হয়ে স্লোগান দেয়।

একই সময়ে গোপালগঞ্জ-২ আসনের বিএনপি সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন আরব জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুর চালানো হয়। অভিযোগ রয়েছে, নিষিদ্ধ ছাত্রলীগের পৌর শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে হামলাকারীরা হাসপাতালের নিচতলার প্যাথলজি বিভাগ, অভ্যর্থনাকক্ষ ও সংসদ সদস্যের ব্যক্তিগত কক্ষ ভাঙচুর করে। পরে আসবাবপত্র বাইরে এনে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। হাসপাতাল এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

হামলার সময় হাসপাতালে প্রসূতি, সদ্য অস্ত্রোপচার হওয়া রোগী ও নবজাতকসহ অনেক রোগী ভর্তি ছিলেন। আকস্মিক এ ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন স্বজনেরা।

বিভিন্ন জেলায় আগুন, ককটেল ও হামলা
গাজীপুরের শ্রীপুরে মঙ্গলবার রাতে ছাত্রলীগের সাবেক উপজেলা সভাপতি জাকিরুল হাসান জিকুর নেতৃত্বে মশাল মিছিল হয়। ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার উদ্দেশ্যে এ মিছিল করা হয় বলে জানা গেছে।

কুমিল্লা নগরের রামঘাট ও মুন্সেফবাড়ি এলাকায় মঙ্গলবার রাতে আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয় এবং সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়ি ও ব্যক্তিগত কার্যালয়ে আবারও আগুন দেওয়া হয়। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো তাঁর বাসভবন ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল।

নাটোরের গুরুদাসপুরে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ১৪ মাথা এলাকায় চাপিলা ইউনিয়ন বিএনপির কার্যালয় লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এতে কেউ হতাহত হননি।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে রাখা একটি স্টাফ বাসে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি আগুন ধরিয়ে পালিয়ে যান। একই রাতে রূপগঞ্জের গোলাকান্দাইলে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বাড়ির কাছে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা গুলির শব্দ শুনেছেন বলেও দাবি করেছেন।

রাজশাহীর বনলতা আবাসিক এলাকায় মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে গ্রামীণ ব্যাংকের জোনাল ও এরিয়া অফিসের নিচতলায় পরপর দুটি ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটে। এতে ভবনের জানালা ও কাচ ভেঙে যায়। তবে কেউ হতাহত হননি।

হবিগঞ্জের নবীগঞ্জে মঙ্গলবার রাত ২টার দিকে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়িতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়া হয়। ওই সময় ভেতরে একজন নিরাপত্তাকর্মী ঘুমিয়ে ছিলেন। আগুনে শাখার সামনের ডিজিটাল সাইনবোর্ড পুড়ে গেলেও ভেতরে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

খুলনার লবণচরা থানার ওযেজ নগরে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে একটি মুদি দোকান ও যুব উন্নয়ন সংঘের কার্যালয়ে আগুন লাগে। এতে দুটি স্থাপনা পুড়ে যায়। মুদি দোকানি চার লাখ টাকার ক্ষতির দাবি করেছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে খুলনা জেলা জজ আদালত ভবনের নিচতলায় একটি ককটেল নিক্ষেপ করা হলেও সেটি বিস্ফোরিত হয়নি। এ ছাড়া রয়্যাল মোড়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাস কাউন্টারে হামলা চালিয়ে নগদ টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

চট্টগ্রামের বাঁশখালীতে মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ জেলা বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরীর বাড়ির জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এর আগে নগরের মুরাদপুরে একটি ট্রাফিক পুলিশ বক্সেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

যশোরে গত এক সপ্তাহে গ্রামীণ ব্যাংকের চারটি শাখায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সর্বশেষ মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে বাঘারপাড়ার নারকেলবাড়িয়া কেন্দ্রে আগুন দেওয়া হয়। কর্মীরা দ্রুত আগুন নেভানোয় বড় ধরনের ক্ষতি হয়নি। তবে নিরাপত্তাহীনতায় ভুগছেন কর্মকর্তা-কর্মচারীরা।

নেত্রকোনার বারহাট্টায় বুধবার ভোর ৪টার দিকে চিরাম ইউনিয়নের বামনগাঁও বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হয়। আগুন পাশের একটি লাকড়ির দোকানেও ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই দুটি স্থাপনা পুড়ে যায়।

টাঙ্গাইলের বাসাইল ও দেলদুয়ার উপজেলায় মঙ্গলবার রাতে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। অন্যদিকে, বগুড়ার মাটিডালিতে সদর উপজেলা পরিষদের সামনে রাত ১১টার দিকে মোটরসাইকেলে আসা তিন ব্যক্তির একজন ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।

রংপুরে ১০ ঘণ্টার ব্যবধানে দুটি বাসে আগুন দেওয়া হয়। বুধবার ভোর ৪টার দিকে পর্যটনপাড়ায় একটি মিনিবাসে এবং দুপুর ২টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে একটি গ্যারেজে রাখা বাসে আগুন দেওয়া হয়। দুটি বাসই পুড়ে যায়। এরপর রংপুর-ঢাকা ও রংপুর-দিনাজপুর মহাসড়কে বাস চলাচল কমে গেছে।

রেললাইনেও আগুন, ব্যাহত হতে পারে ট্রেন চলাচল
নেত্রকোনার বারহাট্টা ও ঠাকুরাকোনা স্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় একটি কালভার্টের ওপর রেললাইনে মঙ্গলবার রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। একই রাতে বারহাট্টার অতিথপুর রেলস্টেশনেও আগুন দেওয়ার খবর পাওয়া যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুই স্থানে আগুন দেওয়ার দৃশ্য দেখা গেছে। ১৬ সেকেন্ডের একটি ভিডিওতে এক যুবককে কালভার্টের ওপর রেললাইনে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দ্রুত চলে যেতে দেখা যায়। অন্য ৪১ সেকেন্ডের ভিডিওতে অতিথপুর স্টেশনে আগুন দেওয়ার দৃশ্য রয়েছে। দুই স্থানের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার।

নিরাপত্তার কারণে বাস চলাচল বন্ধ
নিরাপত্তাজনিত কারণে খুলনা থেকে পদ্মা সেতু হয়ে চলাচলকারী বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিক সমিতি। গোপালগঞ্জ হয়ে বরিশালগামী বাস চলাচলও বন্ধ রয়েছে। এতে ঢাকা-খুলনা ও চট্টগ্রাম-কক্সবাজার রুটের যাত্রীরা বাস টার্মিনাল ও কাউন্টারে এসে ভোগান্তিতে পড়েছেন।

১৯ নভেম্বরের লকডাউন ঘিরে বাড়তি সতর্কতা
আওয়ামী লীগের ঘোষিত সর্বাত্মক লকডাউন কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে। গোয়েন্দা সূত্রের দাবি, কর্মসূচিকে কেন্দ্র করে যানবাহন, সরকারি স্থাপনা, রাজনৈতিক দলের কার্যালয় এবং নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পরিকল্পনার তথ্য পাওয়া গেছে।

এ ছাড়া পোশাকশ্রমিকদের আন্দোলনে অনুপ্রবেশ করে পরিস্থিতি অস্থিতিশীল করার আশঙ্কাও করছেন গোয়েন্দারা। সম্ভাব্য নাশকতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক, পরিবহনকেন্দ্র ও ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

একাধিক জেলায় ধারাবাহিক এসব সহিংসতার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। স্বাভাবিক যান চলাচল ও জনজীবন সচল রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।