19 November 2026
‘এনাফ ইজ এনাফ’, তাবেদারি শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর

পলাতক স্বৈরাচার দেশের সীমানার ওপারের প্রভুদের খুশি করতে আবারও ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, গুম, খুন ও ভোটাধিকার কেড়ে নেওয়ার রাজনীতি দেশের মানুষ আর মেনে নেবে না। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটের মহেন্দ্রনগরে এক জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, সরকার যখন দেশের মানুষের জন্য কাজ করছে, তখন একটি মহল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যারা একসময় জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৭ বছর দেশ শাসন করেছে, তারাই আবার ষড়যন্ত্র শুরু করেছে।
তিনি বলেন, দেশের মানুষ আর ডামি নির্বাচন দেখতে চায় না। দীর্ঘদিন ক্ষমতায় থেকেও তিস্তা ও পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়ন না করার কারণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের মানুষ গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না। যারা মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চায়, তারা দেশপ্রেমিক হতে পারে না। গণতন্ত্র রক্ষায় ২০২৪ সালের মতো রাজনৈতিক দলগুলোকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। ষড়যন্ত্রকারীদের উদ্দেশে তিনি বলেন, তাবেদারি শক্তির বিরুদ্ধে একটাই বক্তব্য—‘এনাফ ইজ এনাফ’।
জনসভায় উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। এসব খাল তরুণদের মধ্যে বরাদ্দ দেওয়া হবে, যাতে তারা মাছ চাষসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন।
এ ছাড়া চলতি বছর ২ লাখ ৫৬ হাজার ইমাম, পুরোহিত ও ধর্মীয় গুরুকে সম্মানী দেওয়া হবে। শিক্ষার্থীদের নতুন বইয়ের পাশাপাশি স্কুল ড্রেস দেওয়া হবে এবং ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় আনা হবে।
আগামী কয়েক মাসের মধ্যে খুলনা থেকে রংপুর অঞ্চলে গ্যাস সরবরাহ চালু করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
