মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Sunday, 22 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
21 November 2026
অন্যান্য

রাজবাড়ীতে অতিবৃষ্টিতে কৃষিতে ক্ষতির শঙ্কা

রাজবাড়ীতে টানা বৃষ্টিতে বিভিন্ন ফসলের ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে। এতে জেলার শীত কালীন সবজি, পেঁয়াজের বীজতলা ও ধান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।

শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত জেলার পাংশা ও কালুখালি উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বৃষ্টির পানি জমে থাকায় ফসল রক্ষায় জমির মাঝখানে ছোট ছোট নালা তৈরি করে পানি সরানোর চেষ্টা করছেন কৃষকেরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, রাজবাড়ীতে চলতি মৌসুমে ৪০ হাজার ৯৩২ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৫ হাজার হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ হয়েছে।

জেলার পাঁচ উপজেলার কৃষকেরা বাকি ৩৫ হাজার ৯৩২ হেক্টর জমিতে হালি পেঁয়াজ আবাদের প্রস্তুতি নিয়েছেন। এ লক্ষ্যে ইতোমধ্যে বীজতলা তৈরি করেছেন তারা। এ ছাড়া জেলায় প্রায় ৫ হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজির চাষ হচ্ছে।

শনিবার জেলার পাংশা উপজেলার কয়েকটি মাঠ ঘুরে দেখা যায়, অপেক্ষাকৃত উঁচু জমিতে পেঁয়াজের বীজতলা তৈরি করেছেন কৃষকেরা। অধিকাংশ বীজ তলায় বীজ থেকে চারা গজিয়েছে। তবে টানা বৃষ্টিতে ছোট ছোট চারাগুলো পানির নিচে তলিয়ে গেছে।

স্থানীয় কৃষক আলম হোসেন বলেন, রাজবাড়ীর পাংশা উপজেলায় সবচেয়ে বেশি পেঁয়াজের আবাদ হয়। উপজেলার প্রায় ৭০ শতাংশ কৃষক মাঠে বীজতলা তৈরি করেছেন।

বীজ থেকে চারা গজিয়েছে অধিকাংশ চারার বয়স ১৫ থেকে ২০ দিন। টানা দুই দিনের বৃষ্টিতে সবার বীজতলা পানির নিচে তলিয়ে গেছে।

এমন বৃষ্টিপাত আরও দুই দিন অব্যাহত থাকলে ৯০ শতাংশ কৃষকের চারা নষ্ট হয়ে যেতে পারে।

নটাভাঙ্গা গ্রামের কৃষক মনজেল আলী বলেন, নিম্নচাপের প্রভাবে হঠাৎ শুরু হওয়া বৃষ্টিতে কৃষিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।

রাজবাড়ীতে টানা দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে। এমন বৃষ্টিপাত আরও একদিন অব্যাহত থাকলে ফুল কপিতে পচন ধরবে বলেও জানান ওই কৃষক।

এ ছাড়া অনেক জমির ধান, পেঁয়াজের বীজতলা ও অন্যান্য ফসল নষ্ট হয়ে যাবে। এ সময়ের বৃষ্টিপাত কৃষকদের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

কালুখালি উপজেলার কৃষক আসলাম মন্ডল বলেন, সারা বছর পেঁয়াজের দাম কম থাকায় গত বছর উৎপাদন খরচও ওঠেনি। এবার ধারদেনা করে পেঁয়াজের বীজ কিনে বীজ তলা তৈরি করেছিলেন। কিন্তু বৃষ্টিতে তার বীজতলার সব চারা নষ্ট হয়ে গেছে। তার দাবি, এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এলাকার প্রায় ৬০ শতাংশ কৃষক। বৃষ্টিতে কৃষকেরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তা দেওয়ার দাবি জানান তিনি।

রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. এনামুল হক বলেন, আবহাওয়া অধিদপ্তর থেকে আগামী চার দিন বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দুই দিন আরও বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ বেশি হলে কৃষিতে ক্ষতি হতে পারে। বিষয়টি কৃষি বিভাগ পর্যবেক্ষণ করছে।