মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Sunday, 22 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
21 November 2026
অন্যান্য

নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের খবর মিথ্যা: পুলিশ

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে নড়াইল জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, পূর্বে ধারণ করা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও চিত্র ব্যবহার করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। এসব প্রচারণার মাধ্যমে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্ষুন্ন করার চেষ্টা করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই। পাশাপাশি উক্ত ঘটনায় কোন হিন্দু সদস্যের কোন পরিবারের উপর হামলা বা কোন ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলার ঘটনা ঘটে নাই। গত ১৮ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে কালিয়া উপজেলার বেন্দারচর সুইচগেট সংলগ্ন বটতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির একটি মিছিলে হামলা চালায়। ওই হামলায় কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক ও মির্জাপুর গ্রামের শাহীন শেখ (৪৫) এবং কালিয়া উপজেলা জাসাসের (জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা) সাধারণ সম্পাদক ও বড় কালিয়া গ্রামের সোহেল মোল্যা (৪০) নিহত হন।

পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযান চালিয়ে হত্যাকান্ডে জড়িত দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা উভয়ই বেন্দারচর গ্রামের বুলু বিশ্বাসের ছেলে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হত্যাকান্ডের জেরে গত ২০ নভেম্বর বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে নিহতদের বিক্ষুব্ধ আত্মীয়স্বজন ও উত্তেজিত কিছু লোকজন আকস্মিকভাবে বেন্দারচর গ্রামে জড়ো হয়ে হত্যাকান্ডে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে চলে যায়। খবর পেয়ে কালিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।