21 November 2026
পাগলা মসজিদ আধুনিক হচ্ছে, বাড়ছে মুসুল্লিদের জন্য নামাজের জায়গা

মুসল্লিদের নামাজের জায়গার সংকট দূর করতে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সে নতুন করে উন্নয়নকাজ শুরু হয়েছে। ১ কোটি ১০ লাখ ৮৮ হাজার ৪৬৪ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে তিনটি নামাজের শেড, অজুখানা ও নারীদের জন্য ওয়াশব্লক। পাশাপাশি আধুনিক মসজিদ কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনাও এগিয়ে চলছে।
শনিবার (২১ নভেম্বর) পাগলা মসজিদের দানবাক্স খোলার কার্যক্রম উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মসজিদের চলমান উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার এসব তথ্য জানানো হয়।
জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এসব উন্নয়ন পরিকল্পনার কথা জানান।
মসজিদ কর্তৃপক্ষ জানায়, মুসল্লিদের নামাজের জায়গার সংকুলান না হওয়ায় তিনটি নামাজের শেড, অজুখানা ও নারীদের জন্য ওয়াশব্লক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজের জন্য গত ২৭ সেপ্টেম্বর কার্যাদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া মসজিদের বাইরের অংশে পাবলিক টয়লেট নির্মাণের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।
আধুনিক মসজিদ কমপ্লেক্স নির্মাণের অংশ হিসেবে বর্তমান মসজিদ কমপ্লেক্স ও কবরস্থানের মাঝখানে ৫৩ শতাংশ ৭৭ লিংক জমি পাগলা মসজিদের নামে কেনা হয়েছে। নতুন কমপ্লেক্সের নান্দনিক নকশা তৈরির কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
উন্নয়নকাজের পাশাপাশি মসজিদের তহবিল থেকে পরিচালিত হচ্ছে বিভিন্ন মানবিক ও ধর্মীয় কার্যক্রম। মসজিদ কমপ্লেক্সের এতিম ও অসহায় শিক্ষার্থীদের যাবতীয় ব্যয় বহন করা হয় এ তহবিল থেকে। এ ছাড়া মসজিদের ৩৫ জন কর্মচারী ও ১০ জন আনসার সদস্যের বেতন, বিদ্যুৎ বিল এবং মসজিদের উন্নয়নকাজে অর্থ ব্যয় করা হয়।
তহবিলে জমা রাখা অর্থের লভ্যাংশ থেকে কিশোরগঞ্জ জেলার দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য অনুদান দেওয়া হয়। অন্যদিকে পাগলা মসজিদের মাদ্রাসা থেকে এ পর্যন্ত প্রায় ২৫৩ জন শিক্ষার্থী পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন।
প্রসঙ্গত, শনিবার চার মাস ২৪ দিন পর পাগলা মসজিদের ১০টি দানবাক্স ও পাঁচটি অস্থায়ী ট্রাঙ্ক খোলা হয়। এতে পাওয়া যায় ৫১ বস্তা টাকা। এসব টাকা গণনা কার্যক্রমের পাশাপাশি মসজিদের উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম পরিচালনায় দানের অর্থ ব্যবহারের তথ্যও তুলে ধরা হয়।
