মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Sunday, 22 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
22 November 2026
অন্যান্য

১৮ দিনে পোশাক খাতে ক্ষতি ৪২ কোটি ডলার: বিজিএমইএ

দেশজুড়ে চলমান অস্থিরতার প্রভাব পড়েছে তৈরি পোশাকশিল্পে। মাত্র ১৮ দিনে ৩১৭টি পোশাক কারখানার ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪২ কোটি ৮০ লাখ ডলার। উৎপাদন ব্যাহত হওয়ায় প্রায় ৬ কোটি পিস পোশাকের ক্রয়াদেশও বাংলাদেশ থেকে অন্য দেশে সরিয়ে নিয়েছেন বিদেশি ক্রেতারা।

পোশাকশিল্পের শীর্ষ সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত কারখানাগুলোর ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করে সংগঠনটি।

রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জরিপের ফল প্রকাশ করে বিজিএমইএ। এতে বলা হয়, অংশ নেওয়া কারখানাগুলো এক দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এতে নির্ধারিত সময়ে ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ করা সম্ভব হয়নি।

উৎপাদন ও সরবরাহে বিঘ্ন ঘটায় বিদেশি ক্রেতারা প্রায় ৬ কোটি পিস পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে স্থানান্তর করেছেন। এসব ক্রয়াদেশের আর্থিক মূল্য প্রায় ২৫ কোটি ডলার। বিশ্ববাজারে প্রতিযোগিতার মধ্যে এমন ক্রয়াদেশ হারানো বাংলাদেশের পোশাকশিল্পের জন্য বড় ধরনের চাপ তৈরি করেছে।

বিজিএমইএ আরও জানিয়েছে, চলমান অস্থিরতায় ছয় শতাধিক পোশাক কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জরিপে অংশ নিয়েছে মাত্র ৩১৭টি কারখানা। ফলে জরিপে উঠে আসা ক্ষতির পরিমাণ প্রকৃত চিত্রের তুলনায় কম হতে পারে।

সংগঠনটির আশঙ্কা, শিল্পাঞ্চলে অস্থিরতা অব্যাহত থাকায় সামনের দিনগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং পোশাকশিল্পের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল আচরণ কামনা করেছে বিজিএমইএ।