মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Monday, 23 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
23 November 2026
অন্যান্য

বিশ্ববাজারে তেলের দরপতন, তবু উদ্বেগ কাটছে না

বিশ্ববাজারে টানা তিন সপ্তাহ ধরে কমছে জ্বালানি তেলের দাম। সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৮টা ১৬ মিনিটে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেলের দাম কমে দাঁড়ায় ৯২ ডলার ২৯ সেন্টে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমে ৮৩ ডলার ২৬ সেন্টে নেমে আসে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুডের দাম আগের তুলনায় ২৮ সেন্ট বা শূন্য দশমিক ৩০ শতাংশ কমেছে। অন্যদিকে ডব্লিউটিআইয়ের দাম কমেছে ১৫ সেন্ট বা শূন্য দশমিক ১৮ শতাংশ।

এর আগের সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশ কমেছিল। এ নিয়ে টানা তিন সপ্তাহ ধরে দরপতনের ধারায় রয়েছে আন্তর্জাতিক বাজারের প্রধান দুই ধরনের অপরিশোধিত তেল।

বিশ্বের বিভিন্ন শেয়ারবাজারে দরপতনের প্রভাব পড়েছে পণ্যবাজারেও। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাত অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কতটা অবদান রাখতে পারবে, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। সোমবার এশিয়ার বাজারেও দরপতন দেখা যায়। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিনির্ভর শেয়ারবাজারের সূচক কমেছে ৪ শতাংশ। পাশাপাশি চীন, হংকং ও অস্ট্রেলিয়ার শেয়ারবাজারেও দরপতন হয়েছে। এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক ১০ শতাংশ কমেছিল।

তবে মধ্যপ্রাচ্যের সংঘাত ও জ্বালানি পরিবহনে হামলার ঘটনা তেলের দাম আরও কমতে বাধা দিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের মধ্যে রোববার ইয়েমেনের ইরানপন্থী হুতি গোষ্ঠী সৌদি আরবের একটি তেল শোধনাগারে হামলার দাবি করেছে। এ ছাড়া সপ্তাহান্তে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির কাছাকাছি একাধিক বাণিজ্যিক জাহাজে হামলার খবর পাওয়া গেছে।

সিডনিভিত্তিক জ্বালানি বিশ্লেষক প্রতিষ্ঠান এক্সঅ্যানালিস্টসের প্রধান তেল বিশ্লেষক মুকেশ সাহদেভ বলেন, বাজারের নেতিবাচক প্রবণতার কারণে তেলের দাম কমছে। তবে জাহাজে হামলার প্রভাবও পড়তে শুরু করেছে। খালি জাহাজের সংখ্যা বাড়লেও তেলবোঝাই জাহাজের সংখ্যা বাড়ছে না। এতে তেল সরবরাহে ঝুঁকি তৈরি হতে পারে, যা শিগগিরই বাজারদরে প্রভাব ফেলবে।

এদিকে তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের বিষয়ে দেশগুলোর মধ্যে ঐকমত্য হয়নি। রোববার কোনো চুক্তি ছাড়াই শেষ হয় আলোচনা। সম্মেলনে সৌদি আরবসহ বড় তেল উৎপাদনকারী দেশগুলো অর্থনীতিতে জীবাশ্ম জ্বালানির ভূমিকা অব্যাহত রাখার পক্ষে অবস্থান নেয়।

আগামী ২৯ নভেম্বর ওপেক প্লাসের মন্ত্রীরা ধারাবাহিক বৈঠকে বসবেন। সেখানে ২০২৭ সালের তেল উৎপাদন নীতি নির্ধারণের বিষয়ে আলোচনা হবে। ওপেক প্লাসে তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থার সদস্যদের পাশাপাশি রাশিয়ার মতো মিত্র দেশও রয়েছে। তাদের সিদ্ধান্ত আগামী দিনে বিশ্ববাজারে তেলের দামের ওপর প্রভাব ফেলতে পারে।

সূত্র: রয়টার্স