মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 24 November 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
23 November 2026
অন্যান্য

৪০৫ টন বিস্ফোরক নিয়ে চীন থেকে বাংলাদেশগামী জাহাজ জব্দ ইন্দোনেশিয়ায়

৪০৫ টন সোডিয়াম পারক্লোরেটসহ বাংলাদেশগামী একটি পণ্যবাহী জাহাজ জব্দ করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। রকেট ও ক্ষেপণাস্ত্রের জ্বালানি তৈরিতে ব্যবহৃত এই কৌশলগত রাসায়নিকের পাশাপাশি জাহাজটিতে লাখ লাখ অনিবন্ধিত ফাঁকা ফোরজি এলটিই সিম কার্ডও পাওয়া গেছে।

ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম ‘ওয়াসপাদা’র এক প্রতিবেদনে বলা হয়েছে, কমোরোসের পতাকাবাহী ‘এমভি স্টার লাইন’ (আইএমও: ৮৩৫৬৯৬২) নামের পণ্যবাহী জাহাজটি চীনের লিয়েনইউনগাং বন্দর থেকে বাংলাদেশের মোংলা বন্দরের উদ্দেশে যাচ্ছিল। পথে গত ৭ নভেম্বর উত্তর সুমাত্রার বেলাওয়ান উপকূলীয় জলসীমায় জাহাজটি আটক করে ইন্দোনেশিয়ার নৌবাহিনী।

জাহাজটির ৩৬টি কনটেইনারে তল্লাশি চালিয়ে ১৫টি কনটেইনারে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট পাওয়া যায়। এ ছাড়া ৫৪টি প্যালেটে লাখ লাখ অনিবন্ধিত ফাঁকা ফোরজি এলটিই সিম কার্ড উদ্ধার করেন নৌবাহিনীর সদস্যরা।

নৌ আঞ্চলিক কমান্ড-১-এর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা জানান, সোডিয়াম পারক্লোরেট একটি কৌশলগত অক্সিডাইজিং এজেন্ট, যা রকেট ও ক্ষেপণাস্ত্রের জ্বালানি উৎপাদনে ব্যবহৃত হয়।

তিনি আরও জানান, জব্দ করা বিপুল পরিমাণ রাসায়নিক দিয়ে অন্তত ১০০টি ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব। চীন থেকে বাংলাদেশে যাওয়ার পথে জ্বালানি নিতে জাহাজটি বেলাওয়ান জলসীমায় বিরতি নিয়েছিল।

রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা কমোরোসের পতাকাবাহী জাহাজটি জব্দের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৭ নভেম্বর ইন্দোনেশিয়ার নৌবাহিনীর টহল জাহাজ ‘কেআরআই সিগালু-৮৫৭’ এটি আটক করে। জব্দের পর থেকে জাহাজটি বেলাওয়ানের কাছে নোঙর করা রয়েছে। এর মালামাল নিয়ে তদন্ত চলছে।